ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী পিকআপ ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে কানুরামপুর-ত্রিশাল সড়কের মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ত্রিশালগামী যাত্রীবাহী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও চারজন।
আহতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার মল্লিকপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে সাব্বির মিয়া (৩০), বটতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে হারুন মিয়া (২০), তাঁর ভাই রানা মিয়া (২৪) এবং তাঁদের দুলাভাই খোকন মিয়া (৩৫)। দুর্ঘটনার পর ড্রাম ট্রাকের চালক গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত চারজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুইজন যাত্রী নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ড্রাম ট্রাকের চালক পলাতক রয়েছেন।
ডিআর

