মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভেতর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজের পুরাতন ৫ নম্বর ভবনের সামনে থেকে লাল টেপে মোড়ানো একটি মিষ্টির বাক্সের ভেতরে রাখা সন্দেহজনক বস্তু উদ্ধার করে পুলিশ। এ সময় কলেজে স্বাভাবিক পাঠদান কার্যক্রম চলছিল এবং শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল।
কলেজ সূত্রে জানা যায়, মিষ্টির বাক্সের ভেতরে লাল টেপে মোড়ানো বস্তুটি দেখতে পেয়ে বিষয়টি দ্রুত কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়। পরে কলেজের অধ্যক্ষ পুলিশকে খবর দেন।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দীন বলেন, ‘একটি মিষ্টির বাক্সের ভেতরে লাল টেপে মোড়ানো একটি বস্তু দেখতে পাওয়া গেছে। এটি বোমা কি না, তা আমরা নিশ্চিত নই। কলেজে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এ ধরনের বস্তু উদ্ধারের বিষয়টি অবশ্যই উদ্বেগজনক।’
কলেজ ছাত্রদলের সভাপতি ইজাজ আহমেদ বলেন, কলেজে কোনো ধরনের বড় সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তুটি উদ্ধার করেন মাগুরা সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি বোমাসদৃশ বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
কলেজের মতো গুরুত্বপূর্ণ একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে এমন সন্দেহজনক বস্তু পাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখেছে, তা এখনো জানা যায়নি।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বস্তুটির প্রকৃতি শনাক্ত, ঘটনার উৎস অনুসন্ধান এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।
এসএ

