মাত্র ১৯ বছর বয়স। চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত গ্রামের এক দরিদ্র পরিবারের সন্তান সাবিত খান। বাবা দিনমজুর, মা গৃহিণী। পরিবারের মুখে হাসি ফোটাতে জীবিকার সন্ধানে মোংলায় এসে একটি কার্গো জাহাজে স্কটম্যানের (জাহাজের মালামাল পাহারাদার) কাজ নিয়েছিলেন তিনি। কিন্তু সেই পশুর নদীতেই থেমে গেল তার জীবনের পথচলা। দুই দিন নিখোঁজ থাকার পর অবশেষে নদী থেকে উদ্ধার হলো তার মরদেহ।
গত রবিবার (৮ নভেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে মোংলার বাগেরহাট জেটি ঘাটসংলগ্ন পশুর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন সাবিত। দীর্ঘ দুই দিন ধরে স্বজনদের উৎকণ্ঠা, আহাজারি ও উদ্ধার অভিযান চলার পর মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মোংলার ঢাংমারী ঠোড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও জাহাজের কর্মীরা জানান, দুপুরে কাজের ফাঁকে প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে জেটির পাশে নদীতে গোসল করতে নেমেছিলেন সাবিত। প্রথমদিকে সবকিছু স্বাভাবিক থাকলেও হঠাৎ নদীর তীব্র স্রোতে তিনি তলিয়ে যেতে থাকেন। এ সময় সঙ্গে থাকা সহকর্মীরা চিৎকার করে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই স্রোতের টানে তিনি ভেসে যান। সহকর্মীদের চোখের সামনেই নিখোঁজ হয়ে যায় ১৯ বছরের তরতাজা প্রাণটি।
সাবিত খান চাঁপাইনবাবগঞ্জের একটি দরিদ্র পরিবারের সন্তান। পরিবারের আর্থিক সংকট দূর করতে কয়েক মাস আগে মোংলা বন্দরে একটি কার্গো জাহাজে স্কটম্যান হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তিনি।
তার এক সহকর্মী নাবিক বলেন, ‘সাবিত খুব ভালো ছেলে ছিল। সব সময় হাসিমুখে থাকত। নিয়মিত নামাজ পড়ত। ৭ নভেম্বর রাতেও বলছিল, এই মাসের বেতন পেলে মায়ের জন্য একটা শাড়ি কিনে পাঠাবে।’
মায়ের জন্য কেনা হয়নি সেই শাড়ি। পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়ে আসা সাবিতকে শেষ পর্যন্ত ফিরতে হচ্ছে সাদা কাফনে মোড়ানো নিথর দেহে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মোংলা কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পশুর নদীতে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন সোমবার সকাল থেকে জোয়ার-ভাটার বিষয়টি বিবেচনায় নিয়ে নদীর বিস্তীর্ণ এলাকায় আবারও উদ্ধার অভিযান চালানো হয়। তবে সেদিনও তার সন্ধান মেলেনি।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, নিখোঁজ সাবিতকে উদ্ধারে স্পিডবোট নিয়ে আশপাশের চর ও খালগুলোতেও তল্লাশি চালানো হয়।
অবশেষে মঙ্গলবার সকালে ঢাংমারী ঠোড়া এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা কোস্টগার্ডকে খবর দেন। পরে কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। পরিবারের সদস্যরা মরদেহটি সাবিতের বলে শনাক্ত করার পর তা নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাবিতের নিখোঁজের খবর চাঁপাইনবাবগঞ্জে পৌঁছানোর পর থেকেই তার পরিবারে শোকের মাতম শুরু হয়। বিশেষ করে ছেলের নিখোঁজের খবর শুনে মা বারবার জ্ঞান হারিয়ে ফেলছিলেন বলে জানা গেছে। পরিবারের সদস্যরা মোংলার উদ্দেশে রওনা হয়েছেন।
এদিকে, এ মর্মান্তিক ঘটনায় মোংলা বন্দর ও জেটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, পশুর নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে প্রাণহানির ঘটনা নতুন নয়। জেটি এলাকায় পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড, নিরাপত্তাব্যবস্থা এবং প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সহায়তা হতে পারে।
একটি পরিবারের স্বপ্ন ও প্রত্যাশার নাম ছিল সাবিত। মাত্র ১৯ বছর বয়সেই তার এমন করুণ মৃত্যু আবারও মনে করিয়ে দিল, নদীবন্দর ও জেটি এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা কতটা জরুরি।
এসএ

