নেত্রকোনার মদনে নিখোঁজের দুই দিন পর জুয়াদ মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দেওসহিলা ছালাকান্দা গ্রামের পাশের মরা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুয়াদ মিয়া ওই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পেছনের মরা নদীতে ব্যক্তিগত প্রয়োজন সারতে গিয়ে নিখোঁজ হন জুয়াদ মিয়া। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে ওই দিন দুপুরে এলাকায় মাইকিং করে তাঁর সন্ধান চাওয়া হয়।
সোমবার সন্ধ্যায় বাড়ির পেছনের মরা নদীতে তাঁর মরদেহ ভাসতে দেখে স্বজনরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা জানান, জুয়াদ মিয়া বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর একমাত্র ছেলে সাব্বির ঢাকায় থাকেন।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার সফি বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এলাকাবাসী ও পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পেরেছেন, জুয়াদ মিয়া অসুস্থ ছিলেন। বাড়ির পেছনের নদীতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মদন থানার উপপরিদর্শক (তদন্ত) অসীম কুমার তালুকদার বলেন, পানিতে ডুবেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এসএ

