ঢাকার সাভারে অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে পড়ে থাকা একটি ব্যাগে অন্তত তিনটি হাতবোমা পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি ঘিরে রেখেছে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছান। এর আগে সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে হাতবোমাসদৃশ বস্তু দেখতে পায়। ঘটনাস্থল থেকে সাভার মডেল থানার দূরত্ব প্রায় ১৩০ মিটার।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ব্যাগে ঠিক কতটি ককটেল রয়েছে, তা তাৎক্ষণিকভাবে গণনা করা সম্ভব হয়নি। তবে দূর থেকে অন্তত তিনটি ককটেল স্পষ্টভাবে দেখা গেছে। ব্যাগের ভেতরে আরও ককটেল থাকতে পারে।
তিনি বলেন, জননিরাপত্তার স্বার্থে ককটেল থাকা স্থানটি পুলিশ ঘিরে রেখেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে জরুরি খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছানোর পর ব্যাগের ভেতরে থাকা ককটেলগুলোর ধরন ও সংখ্যা নিশ্চিত করে সেগুলো নিষ্ক্রিয় করার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বিদ্যালয় মাঠে পৌঁছে বোমাগুলো নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরুর প্রস্তুতি নেন।
এসএ

