শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অযৌক্তিকভাবে শ্রমিকদের ব্ল্যাকলিস্ট করা বন্ধ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বাসন এবং গ্রেপ্তার শ্রমিকদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে দুই শ্রমিক আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়ার শতাধিক পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নির্ধারিত সময়েই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। কার্ড পাঞ্চ করে স্বাভাবিকভাবে কাজে যোগও দেন তাঁরা। তবে এনভয়, হলিউড, দ্য রোজ ও হামীম গ্রুপের নেক্সট কালেকশনসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হলেও দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন শুরু করেন। একপর্যায়ে তাঁরা জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাঁদের সড়ক থেকে সরে যেতে বলে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে। এতে দুই শ্রমিক আহত হন। অন্যদিকে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের চার থেকে পাঁচ সদস্য আহত হয়েছেন।
সংঘর্ষে রাবার বুলেটের আঘাতে আহত স্টার্লিং স্টাইলস লিমিটেডের সুইং মেশিন অপারেটর রাজিয়া বেগম ও ফিনিশিং বিভাগের অপারেটর আলমগীর হোসেনকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়।
আহত রাজিয়া বেগম বলেন, কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে তাঁরা শান্তিপূর্ণভাবে বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় হঠাৎ পুলিশ তাঁদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি আহত হন।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, রাবার বুলেটের আঘাতে আহত দুই পোশাকশ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে রাজিয়া বেগমের মাথায় আঘাত থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর শ্রমিক আলমগীর হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
এদিকে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, নরসিংহপুর এলাকার নিউএইজ কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে এসে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। এ ঘটনায় আশপাশের কারখানাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষগুলো সাধারণ ছুটি ঘোষণা করে।
তিনি আরও বলেন, শ্রমিকরা নিজ নিজ বাড়িতে যাওয়ার জন্য কারখানা থেকে বের হলে পুলিশ তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া আরও বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এসএ

