রাঙামাটির কাপ্তাই উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) কাপ্তাই উপজেলা পরিষদের সভাকক্ষ ‘কিন্নরী’তে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হারুনুর রশীদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. এনামুল হক হাজারী।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় কাপ্তাই উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি চলমান বিভিন্ন সমস্যা ও সেগুলোর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, কাপ্তাইকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এসএ

