স্বামী-সন্তান থেকেও ভরণপোষণহীন, সংসারে চরম অভাব—তবুও মেলেনি কর্মসংস্থানের সুযোগ। অথচ তুলনামূলক সচ্ছল পরিবারের কয়েকজন নারী পেয়েছেন নিয়োগ। এমনকি আগের প্রকল্পে কাজ করা কয়েকজনকেও দেওয়া হয়েছে পুনর্নিয়োগ। এ ঘটনায় নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলেছেন বঞ্চিত নারীরা।
সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমপি) নারী কর্মী নিয়োগে এমন বৈষম্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিয়োগপ্রক্রিয়া তদন্তের দাবি জানিয়েছেন নিয়োগবঞ্চিত নারীরা।
সোমবার (৯ নভেম্বর) ধুবিল ইউনিয়ন পরিষদে নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার চৌধুরী ঘুঘাট আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নাজমা খাতুন অভিযোগ করেন, তাঁর স্বামী প্রায় পাঁচ বছর ধরে তাঁর ও চার সন্তানের কোনো খোঁজখবর নেন না। ভরণপোষণও দেন না। চরম আর্থিক সংকটে দিন কাটলেও তাঁকে নিয়োগ দেওয়া হয়নি। অথচ স্বামী জীবিত থাকা সত্ত্বেও তুলনামূলক সচ্ছল পরিবারের কয়েকজন নারী নিয়োগ পেয়েছেন। আগের প্রকল্পে কাজ করার কারণে তাঁকে বাদ দেওয়া হলেও অন্য কয়েকজনকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নাজমা খাতুনসহ কয়েকজন আবেদনকারী অভিযোগ করেন, খুশি খাতুন, মাহমুদা, শাহানা ও শিল্পী নামের কয়েকজন নারী তুলনামূলক সচ্ছল পরিবারের সদস্য এবং এর আগেও একই প্রকল্পে কাজ করেছেন। এরপরও তাঁরা পুনরায় নিয়োগ পেয়েছেন। এতে প্রকৃত অসচ্ছল ও কর্মহীন নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
এ বিষয়ে নাজমা খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।
আবেদনে নিয়োগপ্রাপ্তদের আর্থিক ও পারিবারিক অবস্থা যাচাই, নির্বাচিত ও বাদ পড়া আবেদনকারীদের তালিকা প্রকাশ এবং নিয়োগের যোগ্যতা ও মূল্যায়নের মানদণ্ড প্রকাশের দাবি জানানো হয়েছে। পাশাপাশি নিজের অসহায়ত্ব বিবেচনায় আবেদনটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি।
উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, নিয়োগপ্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে বৈষম্যের অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএ

