খুলনায় শুরু হয়েছে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, জেলা প্রশাসক হুরে জান্নাত, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব অমিতাভ পরাগ তালুকদার।
অনুষ্ঠানে কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণের বড় পরিসরে বইমেলার আয়োজন করায় এবার আগের তুলনায় পাঠক-দর্শনার্থীদের অংশগ্রহণ বাড়বে। এতে মেলায় অংশ নেওয়া প্রকাশনীগুলোও বই বিক্রিতে উল্লেখযোগ্য সাড়া পেতে পারে। একই সঙ্গে মেলাটি এ অঞ্চলের মানুষের জ্ঞানচর্চা ও বিকাশে বিশেষ ভূমিকা রাখবে। মানুষের জীবনব্যাপী জ্ঞান আহরণের স্পৃহা জাগিয়ে তুলতে এবং তা পূরণে বইমেলা সহায়ক হবে। মেলায় খ্যাতনামা অনেক প্রকাশনীর স্টল থাকায় পাঠকেরা সহজেই পছন্দের বই কেনার সুযোগ পাবেন।
বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার বিকল্প নেই। বই আমাদের পরম বন্ধু। এই বন্ধুকে জীবনের প্রকৃত সঙ্গী হিসেবে গ্রহণ করতে পারলে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে উঠবে। একই সঙ্গে এমন সমাজ হবে তথ্যভিত্তিক ও শক্তিশালী রাষ্ট্র গঠনের ভিত্তি।
এর আগে বিভাগীয় বইমেলা উপলক্ষে নগরীর নিউমার্কেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ বইমেলা চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ ছাড়া মেলাকে প্রাণবন্ত করতে ‘সংস্কৃতি ও নৈতিকতা’, ‘মানবতাবাদ ও বিশ্বশান্তি’ এবং ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র’ বিষয়ে তিন দিনে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। মেলা থেকে বই কেনা পাঠকদের মধ্যে প্রতিদিন কুপনের মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করার ব্যবস্থাও রাখা হয়েছে।
এবারের বইমেলায় মোট ৯০টি স্টল রয়েছে। এর মধ্যে ঢাকা থেকে আগত প্রকাশনীগুলোর জন্য ৭১টি এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের দপ্তরের জন্য ৯টি স্টল বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া পুলিশ কন্ট্রোল রুম, তথ্যকেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি করে স্টল রয়েছে। পাশাপাশি পাঁচটি খাবারের স্টলও থাকবে।
এসএ

