বিদেশগামী যাত্রীদের হয়রানি রোধ, বিমানবন্দরে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীসেবা নিশ্চিত করতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে যাত্রী হয়রানির দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এ ছাড়া পাঁচজনকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।
গত কয়েক দিনে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
বিমানবন্দরে যাত্রীদের নির্বিঘ্নে আগমন ও প্রস্থান নিশ্চিত করার পাশাপাশি টার্মিনাল ভবনের ড্রাইভওয়েতে শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন দোকান ও লাউঞ্জে পরিবেশিত খাবারের মান ও মূল্য যাচাই করা হয়।
অভিযানকালে পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে আইন অমান্য করায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৭(২) ধারায় পাঁচজনকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যাত্রী হয়রানির দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

