গাইবান্ধার সুন্দরগঞ্জে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে মাটিতে ফেলে লাথি মেরে মারধর করে সাড়ে ৩ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ভুক্তভোগী ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম (৫১) সুন্দরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
সাইফুল ইসলাম উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের কঞ্চিবাড়ী গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে। তিনি বিবিসির মোড়ে ‘সাইফুল টেলিকম অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর’ নামে একটি দোকান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলী মোল্লার ছেলে মো. বাবু মোল্লা (৪৪), সুন্দরগঞ্জ উপজেলার শিংগিজানী লালচামার গ্রামের মৃত শরফত আলী ওরফে শরত আলীর ছেলে মো. মারুফ মিয়া (২৪) এবং কঞ্চিবাড়ী ইউনিয়নের কঞ্চিবাড়ী গ্রামের মো. ফজলুল হক ওরফে ফজলু দর্জির ছেলে মো. বাবলু মিয়া ওরফে বাবুল (৫৫)।
এ মামলার অপর আসামি সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গোবিন্দী গ্রামের সন্তোষ আলীর ছেলে মো. বাবু মিয়া (৫৩) পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কঞ্চিবাড়ী ইউনিয়নের বিবিসির মোড় থেকে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। দোকান বন্ধ করে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং, বিকাশ, নগদ ও রকেটের লেনদেনের টাকা এবং দোকানের বিক্রির অর্থ মিলিয়ে তাঁর কাছে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ছিল। এ ছাড়া তাঁর সঙ্গে দুটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন ছিল।
বাড়ি ফেরার কাঁচা সড়কে কঞ্চিবাড়ী গ্রামের আশেক আলীর বাড়ির পাশে কবরস্থানের কাছে পৌঁছালে তিনি রাস্তার ওপর এক ব্যক্তিকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখেন। ওই ব্যক্তিকে অতিক্রম করার পরপরই পেছন থেকে দুজন তাঁকে ঝাপটে ধরে মারধর শুরু করেন। ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মাটিতে ফেলে এলোপাতাড়ি লাথি মারেন তাঁরা। একপর্যায়ে জোরপূর্বক ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শান্তিরাম ইউনিয়নের সুরুত আলীর মোড়ের পূর্ব পাশে একটি দোকানের সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দুজনের কাছে নীল রঙের ব্যাগ হাতে এক ব্যক্তিকে দৌড়ে যেতে দেখেন তাঁরা। ওই ব্যক্তি মোটরসাইকেলে ওঠার সময় ব্যাগটি পেছনে বসা ব্যক্তির হাতে তুলে দেন। স্থানীয়রা ধাওয়া করলে মোটরসাইকেলে থাকা দুজন ব্যাগ নিয়ে পালিয়ে যান। তবে মোটরসাইকেলে উঠতে না পেরে ব্যাগ বহনকারী ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। একই সময়ে শান্তির মোড়ের পশ্চিম পাশে একটি মসজিদের সামনে থেকে দৌড়ে পালানোর সময় আরও একজনকে আটক করা হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে নিজেদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তাঁরা এ ঘটনায় জড়িত আরও দুজনের নাম-ঠিকানা প্রকাশ করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে বাবলু মিয়া ওরফে বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘ব্যবসায়ীর টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় প্রথমে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
এসএ

