দীর্ঘ প্রতীক্ষা, চোখের জল আর অসহনীয় যন্ত্রণার পর অবশেষে আদালতের রায়ে স্বস্তি ফিরেছে নেত্রকোনার মদনে ধর্ষণের শিকার ১১ বছর বয়সী শিশুটির পরিবারে। শিশুটিকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার ঘটনায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ধর্ষণের ফলে জন্ম নেওয়া নবজাতকের ভরণপোষণের সব ব্যয় রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন আদালত। তবে এ ব্যয় প্রধান আসামির কাছ থেকে আদায় করা যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ ছালাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলায় সাগরের ভাই মাইমুন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে আনা হুমকির অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দিয়েছেন আদালত।
রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিশুটির মা ও পরিবারের সদস্যরা। তাঁদের ভাষায়, দীর্ঘদিনের অপেক্ষা, কান্না ও কষ্টের পর আদালতের রায়ে তাঁরা ন্যায়বিচার পেয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিশুটির মা মুঠোফোনে বলেন, ‘আদালত যে রায় দিয়েছেন, তাতে আমি ও আমার পরিবার অত্যন্ত খুশি ও সন্তুষ্ট। এতদিন বিচারের অপেক্ষায় অনেক কেঁদেছি, চোখের পানিও ফেলেছি। আজ সঠিক বিচার পেয়েছি।’
দীর্ঘ ও কঠিন বিচারপ্রক্রিয়ায় সহযোগিতার জন্য বিচারক, আইনজীবী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।
মানবাধিকারকর্মী কোহিনূর বেগম বলেন, ‘এ রায়ে আমরা মানবাধিকারকর্মী হিসেবে সন্তুষ্ট হয়েছি। আদালত এত কম সময়ের মধ্যে রায় দিয়েছেন। এ যুগান্তকারী রায় যেন দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা হয়। অপরাধীদের কাছে এটি একটি বার্তা হিসেবে পৌঁছাক, যাতে এ ধরনের অপরাধ করার সাহস আর কেউ না পায়।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালত নির্দেশ দিয়েছেন, ধর্ষণের ফলে জন্ম নেওয়া নবজাতককে আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের সন্তান হিসেবে পরিচিত করতে হবে এবং সে অনুযায়ী জন্মনিবন্ধন করতে হবে। শিশুটির যাবতীয় ভরণপোষণের ব্যয় রাষ্ট্র বহন করবে। তবে রাষ্ট্র এ অর্থ প্রধান আসামি সাগরের কাছ থেকে আদায় করতে পারবে।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি এলাকার একটি মহিলা কওমি মাদ্রাসায় পড়াশোনা করত শিশুটি। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক ছিলেন আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার তাগিদে সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন।
মামলার অভিযোগ অনুযায়ী, মাদ্রাসায় পড়াশোনার সময় মসজিদের বারান্দা ও মাদ্রাসার কক্ষ ঝাড়ু দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন শিক্ষক সাগর। একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে শিশুটির শারীরিক পরীক্ষা করানো হলে চিকিৎসক জানান, সে সাত মাসের অন্তঃসত্ত্বা। তখন তার বয়স ছিল মাত্র ১১ বছর। চিকিৎসকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঘটনাটি জানাজানি হয়।
এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় মাদ্রাসাশিক্ষক সাগর ও তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করা হয়।
মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যান প্রধান আসামি সাগর। পরে ৬ মে ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাব-১৪-এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে মদন থানায় হস্তান্তর করা হয়।
৭ মে তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।
১০ মে তদন্ত কর্মকর্তা প্রধান আসামির ডিএনএ পরীক্ষার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। শিশুটির নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তার মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ মে তাকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিলেটের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আদালতের নির্দেশে ১৬ মে সাগরকে ঢাকায় সিআইডির কার্যালয়ে নেওয়া হয়। পরদিন ১৭ মে তাঁর ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়। নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকা অবস্থায় গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় শিশুটি।
নবজাতকের পিতৃত্ব নিশ্চিত করতে ৯ জুলাই তদন্ত কর্মকর্তা আদালতে ডিএনএ পরীক্ষার আবেদন করেন। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই নবজাতকের নমুনা সংগ্রহ করেন সিআইডির সদস্যরা। সাগরের আগে সংগ্রহ করা ডিএনএ নমুনার সঙ্গে নবজাতকের নমুনা পরীক্ষা করা হলে দুজনের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়। গত ২৪ আগস্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল কবির রুবেল সাংবাদিকদের এ তথ্য জানান।
ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৭ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে প্রধান আসামি সাগরের পাশাপাশি তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকেও অভিযুক্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়।
অভিযোগপত্র দাখিলের পর মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়। বিচার চলাকালে আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় রাষ্ট্রপক্ষ ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করে।
গত ২৮ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওই দিন আদালত ১১ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। অবশেষে সাক্ষ্য-প্রমাণ, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আদালত প্রধান আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দেন এবং তাঁর ভাই মামুনকে খালাস প্রদান করেন।
শিশুটির পরিবারের প্রত্যাশা, আদালতের এ রায় দ্রুত কার্যকর হবে এবং শিশুটি ও তার নবজাতক সন্তান নিরাপদ পরিবেশে সম্মানজনক জীবনযাপনের সুযোগ পাবে।
এসএ

