গাজীপুর মহানগরীর গাছা থানার শরিফপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি কারখানায় সংঘবদ্ধভাবে লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পিকআপভর্তি মালামালসহ স্থানীয়দের হাতে আটক নয়জনকে তাঁদের সহযোগীরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন কারখানার জমি ও ভবনের মালিকপক্ষের সদস্য মো. মোজাম্মেল হক। গত বুধবার (১১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
মোজাম্মেল হক গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে দেওয়া লিখিত অভিযোগে জানান, শরিফপুর এলাকায় তাঁদের মালিকানাধীন জমিতে প্রায় ১৯ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চারতলা ভবনে ‘ক্রস লাইন ওভেন অ্যাপারেল লিমিটেড’ নামে একটি কারখানা পরিচালিত হতো। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম কোয়েল। ২০১৩ সালে উৎপাদন শুরু করা কারখানাটির কার্যক্রম প্রায় চার বছর আগে বন্ধ হয়ে যায়।
অভিযোগে বলা হয়, কারখানাটি বন্ধ হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে সেখানে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গাছা থানায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সর্বশেষ বুধবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে আনুমানিক নয়জনের একটি সংঘবদ্ধ চক্র কারখানার প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিভিন্ন মালামাল একটি পিকআপে তুলতে থাকে।
এ সময় পাশের মার্কেটের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে খবর পেয়ে মালিকপক্ষের লোকজন ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় পিকআপভর্তি মালামালসহ নয়জনকে আটক করা হয়। পুলিশে সোপর্দ করার উদ্দেশ্যে তাঁদের কারখানার একটি কক্ষে আটকে রাখা হয়।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে মালিকপক্ষের লোকজন বাইরে গেলে অজ্ঞাতপরিচয় কয়েকজন ওই কক্ষের তালা কেটে আটক ব্যক্তিদের বের করে নিয়ে যায়। তবে এ সময় একজনকে আটক রাখা সম্ভব হয়। আটক ব্যক্তির নাম শরিফুল ইসলাম। তিনি মিরপুর এলাকায় শ্রমিকের কাজ করেন বলে জানা গেছে।
অভিযোগকারী মোজাম্মেল হক জানান, কারখানা থেকে মালামাল বের করা এবং পিকআপে তোলার দৃশ্যের ছবি ও ভিডিওচিত্র তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে। এসব তথ্যপ্রমাণ তদন্তের স্বার্থে পুলিশের কাছে সরবরাহ করা হবে।
গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম রব্বানী জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাছা থানার উপপরিদর্শক (এসআই) নিজামুদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মালামাল জব্দ এবং একজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ

