কক্সবাজার শহরের কলাতলী এলাকার কক্স অ্যাম্বাসেডর নামে একটি আবাসিক হোটেলের অষ্টম তলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় হোটেলে অবস্থানরত শতাধিক পর্যটক আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হোটেলটির একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় আশপাশের হোটেলের পর্যটক ও স্থানীয়দের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের অষ্টম তলার একটি কক্ষে থাকা এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লেগে অন্তত চারটি ঘর পুড়ে যায়। গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে আবাসিক হোটেল সি প্রিন্সেসের জেনারেটর কক্ষেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয়। কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি দুই তলাবিশিষ্ট স্থাপনাটিতে আগুন লেগে অন্তত ১১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজারের হোটেল-মোটেল ও পর্যটন স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে হোটেলগুলোতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম, জরুরি বহির্গমন পথ এবং নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করার দাবি উঠেছে।
কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকলে পর্যটন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে হোটেল ও পর্যটন স্থাপনাগুলোতে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

