গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে পৃথকভাবে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে। এ সময় তারা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে নিলফা বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেন।
অন্যদিকে, একই উপজেলার বর্ণি বাজারেও মিছিল বের করেন নেতাকর্মীরা। এ সময় সেখানে যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
পরপর এসব ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জানতে পেরেছেন।
তবে এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, বিষয়টি তার জানা নেই।

