মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। আবাসিক ভবন, শ্রমিকদের থাকার জায়গা, রেস্তোরাঁ, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে নির্মাণস্থল-সবখানেই পরিচালিত হচ্ছে এসব অভিযান। কর্মকর্তাদের চোখ ফাঁকি দিতে খাটের নিচে বা সংকীর্ণ স্থানে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হচ্ছে না অবৈধ অভিবাসীদের।
গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সারাদেশে ১১,৭৫৫টি অভিযান চালিয়ে ৬৯,৭৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। একই সময়ে ৪৭,৫৫৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
গত ১২ নভেম্বর মালয়েশিয়ার সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট অভিযানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১,৮০৮টিতে এবং আটক অভিবাসীর সংখ্যা বেড়ে হয়েছে ৭০,১৯৫ জন।
তথ্য বিশ্লেষণ অনুযায়ী, দেশটিতে প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান পরিচালিত হচ্ছে এবং প্রতিদিন গড়ে ২২৮ জন বিদেশি নাগরিক আটক হচ্ছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সেলাঙ্গর রাজ্যের কামপুং বারু সুবাং, আমপাং ও হুলু লাঙ্গাত এলাকায় 'অপস সাপু', 'অপস সেলেরা' ও 'অপস কুতিপ' নামের পৃথক তিনটি যৌথ অভিযান চালায় রাজ্য অভিবাসন বিভাগ (জেআইএম)। ১৮ জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত দল মোট ৩৮ জনের কাগজপত্র যাচাই করে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশিসহ ৩৪ জন বিদেশিকে আটক করে।

