চারদিকে নদী ও জলরাশি, অথচ খাবার পানির তীব্র সংকট। এই বাস্তবতা তুলে ধরে হাতে পানিশূন্য কলস, মাছ ধরার জাল ও দাবি সংবলিত ফেস্টুন নিয়ে পশুর নদীর তীরে সমবেত হয়েছেন উপকূলের শত শত নারী, জেলে ও জলবায়ুকর্মী। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উপকূলীয় জনগোষ্ঠীর জন্য শর্তহীন অর্থায়ন, সুপেয় পানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় মোংলার দক্ষিণ কাইনমারী এলাকায় পশুর নদীর তীরে মানববন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার না থাকার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
"সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা, জেলে জীবন এবং মৎস্য সম্পদ ও কৃষি প্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করো"—এই স্লোগানে কর্মসূচির আয়োজন করে মোংলা নাগরিক সমাজ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ)। এতে কয়েকশ উপকূলীয় নারী, জেলে ও তরুণ জলবায়ুযোদ্ধা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি ও পরিবেশকর্মী মো. নূর আলম শেখ। বক্তব্য দেন উদয়ন যুব সংঘের সভাপতি এস এম জানে আলম বাবু, ক্লাইমেট অ্যাকশন ফোরামের আবু হাসান, নারীনেত্রী ও জলবায়ুযোদ্ধা রত্না শেখ, তন্বী মন্ডল, ইয়ুথ লিডার মেহেদী হাসান, প্রদীপ সরকার, নুপুর সরকার, জেলে সমিতির অসীম মাঝি, পৌল ইজারাদার ও জরিনা বেগমসহ অনেকে।
সভাপতির বক্তব্যে নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র লবণাক্ততা এখন উপকূলীয় অঞ্চলের অন্যতম প্রধান দুর্যোগ। চারদিকে পানি থাকলেও মানুষের পান করার মতো নিরাপদ পানি নেই। কপ-৩১ সম্মেলন কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর জন্য প্রত্যাশিত আশার বার্তা দিতে পারছে না।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরণের ০.৫ শতাংশেরও কম দায়ী হলেও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ দেশের কৃষক, জেলে, উপকূলীয় নারী ও গ্রামীণ জনগোষ্ঠী। তাঁর দাবি, বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট হলেও এ খাত অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ পায়। জলবায়ুসংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
কপ-৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুস্পষ্ট অঙ্গীকার এবং কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দের দাবি জানান তিনি। পাশাপাশি ক্ষুদ্র কৃষকদের কাছে এ অর্থ ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
নূর আলম শেখ আরও বলেন, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দুর্যোগে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৯৯ কোটি টাকা, যা আগের ছয় বছরের তুলনায় প্রায় ১০ গুণ। অন্যদিকে দেশের কৃষি এখন আমদানিনির্ভর জ্বালানি ও সারের ওপর নির্ভরশীল। প্রায় ১ লাখ ৫১ হাজার অগভীর নলকূপ ডিজেলে চলে এবং বছরে অন্তত ১৬ লাখ টন ইউরিয়া সার আমদানি করতে হয়।
তিনি অভিযোগ করেন, উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অর্থায়নের বড় অংশ ঋণ হিসেবে আসছে। এ পরিস্থিতিতে কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি উপকূলের নারী, জেলে, কৃষক ও কৃষিশ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে।
নারীনেত্রী ও জলবায়ুযোদ্ধা রত্না শেখ বলেন, তীব্র লবণাক্ততার কারণে উপকূলীয় নারীরা নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। সুপেয় পানির অভাবে নারী ও শিশুরা চর্মরোগ, টাইফয়েডসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তিনি জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি), জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের প্রতিনিধিদলে উপকূলের নারী, জেলে ও কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ থেকে সুপেয় পানি নিশ্চিত করা, লবণাক্ততা মোকাবিলায় স্থায়ী সমাধান, জেলে জীবন ও মৎস্যসম্পদ রক্ষা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি প্রতিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে জলবায়ু তহবিল ঋণের পরিবর্তে অনুদান হিসেবে প্রদান এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারী, জেলে, আদিবাসী ও কৃষকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে বক্তারা বলেন, উপকূলের মানুষ আর আশ্বাসের কথা শুনতে চান না। তাঁরা চান জলবায়ু ক্ষতি মোকাবিলায় শর্তহীন অনুদান, প্রয়োজনীয় প্রযুক্তি হস্তান্তর এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের অংশগ্রহণের নিশ্চয়তা। তাঁদের মতে, উপকূলীয় মানুষের জীবন-জীবিকা ও অধিকার সুরক্ষায় ন্যায্য জ্বালানি ও কৃষি রূপান্তর এখন সময়ের দাবি।
এসএ





