আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের তিন খেলোয়াড় খেলার সুযোগ পেয়েছেন ওমানে। দেশটির ৫৬তম মেজিস্টি হকি কাপে আল ইত্তিহাদ হকি ক্লাবের হয়ে খেলবেন বাংলাদেশের ডিফেন্ডার আমিরুল ইসলাম, গোলরক্ষক বিপ্লব কুজুর ও ফরোয়ার্ড রাকিবুল হাসান রকি।
যুব বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আমিরুল ইসলাম। জার্মান লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার ওমানের লিগে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
আমিরুল বলেন, ‘ওমানের টুর্নামেন্টটি বেশ গুরুত্বপূর্ণ ও বড় মাপের। সেখানে ওমানসহ আরও অনেক দেশের খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। এতে আমাদের মান আরও বাড়বে।’
ক্রিকেটের মতো হকিতেও ভারতে ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ রয়েছে। সেই প্রতিযোগিতায় আমিরুলের ডাক পাওয়ার আলোচনা চলছে হকি অঙ্গনে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমিও এ রকম শুনছি, কিন্তু সরাসরি কোনো প্রস্তাব আমার কাছে আসেনি।’
ওমানের টুর্নামেন্টে অংশ নিতে তিন খেলোয়াড়ের ছাড়পত্র প্রসঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, খেলোয়াড়রা দেশের বাইরে খেলুক, সেটিই তাঁরা চান। এ ক্ষেত্রে ফেডারেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
তিনি আরও জানান, কাতারে ওমান হকি ফেডারেশনের সভাপতির সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের আমন্ত্রণ জানানোর বিষয়ে আলোচনা হয়েছিল। বাংলাদেশের হকির উন্নয়নে সহযোগিতা এবং টার্ফ দেওয়ার আগ্রহও প্রকাশ করেছে ওমান।
আগামী ফেব্রুয়ারিতে ওমানে অনুষ্ঠিত হবে নেশন্স কাপ। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে ওমানের প্রতিযোগিতায় খেলা বাংলাদেশের খেলোয়াড়দের প্রস্তুতিতেও সহায়ক হবে।
এদিকে ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ হকি ফেডারেশন। সেসব দেশের লিগে বাংলাদেশের খেলোয়াড়দের পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আরিফুল হক প্রিন্স।





