জীবনের পড়ন্ত বেলায় একাকিত্ব কাটিয়ে নতুন করে সংসার শুরু করেছেন ভারতের হিমাচল প্রদেশের ৭৫ বছর বয়সী কানহাইয়া লাল ও ৬৩ বছর বয়সী সাবিনা। পরিবারের অবহেলা ও নানা প্রতিকূলতায় আশ্রয়হীন হয়ে বৃদ্ধাশ্রমে ঠাঁই নেওয়া এই দুই প্রবীণ সেখানেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ঘাগাস এলাকার ‘আপনা ঘর ওল্ড এজ হোম’-এ হিন্দু রীতিনীতি মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বৃদ্ধাশ্রমের আবাসিক, কর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে মালাবদল এবং অগ্নিকে সাক্ষী রেখে সাতপাক ঘোরার মধ্য দিয়ে তারা জীবনসঙ্গী হন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী হিমাচলি গানের তালে তাদের গায়েহলুদের অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
ব্যতিক্রমী এই বিয়েতে বরযাত্রী হিসেবে উপস্থিত ছিলেন বিলাসপুরের ডেপুটি কমিশনার কিরণ ভাদানা। তিনি নবদম্পতিকে অভিনন্দন জানান এবং উপহার তুলে দেন। এ সময় তিনি বলেন, বয়স যা-ই হোক, প্রত্যেক মানুষের পরিপূর্ণ ও আনন্দময় জীবন যাপনের অধিকার রয়েছে। বয়স বাড়ার সঙ্গে জীবন উপভোগ কিংবা সঙ্গী খোঁজার আকাঙ্ক্ষা শেষ হয়ে যায় না।
নবদম্পতির অতীত জীবন ছিল বেশ বেদনাদায়ক। ‘আপনা ঘর’-এর প্রতিষ্ঠাতা ও আইনজীবী প্রকাশ চাঁদ বানসাল জানান, হিমাচল প্রদেশের মান্ডি জেলার থুনাগ এলাকার বাসিন্দা কানহাইয়া লাল স্ত্রীর মৃত্যুর পর নিজের সব সম্পত্তি ভাইদের নামে লিখে দেন। এরপর পরিবারের সদস্যরা তাকে বাড়ি থেকে বের করে দিলে তিনি একটি গুহায় বসবাস শুরু করেন। ২০২২ সালে সংস্থাটির কর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে বৃদ্ধাশ্রমে নিয়ে আসেন।
অন্যদিকে, কলকাতার বাসিন্দা সাবিনা বাড়ি থেকে পথ হারিয়ে হিমাচল প্রদেশে চলে যান। প্রথমে তাকে শিমলায় নেওয়া হয়। পরে ২০২৫ সালে বিলাসপুরের ওই বৃদ্ধাশ্রমে স্থানান্তর করা হয়। সেখানে একসঙ্গে বসবাস করতে গিয়ে কানহাইয়া লাল ও সাবিনার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তারা বিয়ের মাধ্যমে জীবনের বাকি সময় একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন।
প্রকাশ চাঁদ বানসাল বলেন, নিঃসঙ্গতা কাটিয়ে একে অপরের সঙ্গী হওয়ার উদ্দেশ্যেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। পরিবার থেকে বিতাড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের নতুন করে জীবন গড়তে সহযোগিতা করা সমাজের সবার দায়িত্ব।
বিয়ের অনুষ্ঠানে জেলা কল্যাণ কর্মকর্তা রমেশ বানসালসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ২৫ জন আবাসিকের ধারণক্ষমতাসম্পন্ন বৃদ্ধাশ্রমটিতে এ আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিয়ের পর কানহাইয়া লাল ও সাবিনা হিমাচল প্রদেশের সোলান জেলার নালাগড়ের একটি নতুন বৃদ্ধাশ্রমে চলে যাবেন। সেখানেই শুরু করবেন তাদের নতুন দাম্পত্য জীবন।
সূত্র: এনডিটিভি





