মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. সেলিম মোল্লা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আলমগীর দালাল (৩৬) নামে একজন নিখোঁজ রয়েছেন। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত সেলিম চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিখোঁজ আলমগীর দালালের সন্ধানে স্থানীয় একটি খালে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। আহত সজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিজানসহ অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়া এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওলাদ ও রহিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান বলেন, সকাল সোয়া ৯টার দিকে সেলিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর ডান হাত ক্ষতবিক্ষত ছিল। গুলিবিদ্ধসহ আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আওলাদ হোসেন বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তাঁরা এলাকাছাড়া ছিলেন। এক মাস আগে এলাকায় ফেরার পর থেকে রহিম মোল্লার লোকজন তাঁদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার ভোরে বাড়িতে ঘুমন্ত অবস্থায় হামলা চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজন নিখোঁজ ও অনেকে আহত হয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে রহিম মোল্লার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





