কুমিল্লার মুরাদনগরে সন্তানকে নিয়ে বিরোধের জেরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত সাবেক স্বামী শরিফ মিয়া (৩৫) পালিয়ে গেছেন।
নিহত সুখিয়া বেগম কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত শরিফ মিয়া একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। সুখিয়া বেগমের সাবেক স্বামী শরিফ মিয়া তাঁকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে সুখিয়া বেগমের বিয়ে হয়। তবে শরিফের মাদক সেবন ও পারিবারিক কলহের কারণে তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিচ্ছেদ হয়।
তাঁদের সংসারে আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন সুখিয়া বেগম। বিচ্ছেদের পর থেকে মেয়েকে নিজের কাছে নিতে চাইছিলেন শরিফ মিয়া। নিহতের পরিবারের সদস্যদের দাবি, কন্যাসন্তানকে সাবেক স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শরিফ মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, তিনি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি তদন্তাধীন। তথ্য যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।
ডিআর




