অসুস্থ মাদি হাতির পাশে ছায়ার মতো লেগে রয়েছে একটি পুরুষ হাতি। কখনো সামনে, কখনো পাশে থেকে আহত সঙ্গীকে এক মুহূর্তের জন্যও একা ছাড়ছে না সে। পেছনের ডান পায়ে গভীর ক্ষত নিয়ে যন্ত্রণায় কাতর মাদি হাতিটি যখন ধীরে ধীরে হাঁটছে, তখন পুরুষ হাতিটিও তার সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে। বন্য প্রাণীর এমন বিরল সহমর্মিতার দৃশ্য স্থানীয়দের আবেগাপ্লুত করেছে। তবে দ্রুত চিকিৎসা না পেলে মাদি হাতিটির জীবন বিপন্ন হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় গত কয়েক দিন ধরে হাতি দুটিকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে ওই এলাকায় একটি পুরুষ ও একটি মাদি হাতিকে লোকালয়ে দেখতে পান স্থানীয়রা। তাদের ভাষ্য, মাদি হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে। ওপরের চামড়া উঠে যাওয়ায় ক্ষতস্থানটি সাদা হয়ে গেছে। গুরুতর আঘাতের কারণে হাতিটি স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারছে না।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী ও মানব পাচারকারীদের গুলিতে মাদি হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে কীভাবে কিংবা কার আঘাতে হাতিটি আহত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, অসুস্থ মাদি হাতিটির পাশে সারাক্ষণ অবস্থান করছে একটি সুস্থ পুরুষ হাতি। মাদি হাতিটি চলার সময় পুরুষ হাতিটিকে কখনো সামনে, কখনো পাশে থেকে সঙ্গ দিতে দেখা যাচ্ছে। পায়ের তীব্র যন্ত্রণায় মাদি হাতিটি ঠিকমতো হাঁটতে না পারলেও তাকে ছেড়ে যাচ্ছে না পুরুষ হাতিটি। তাদের এমন দৃশ্য দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন।
একদিকে সঙ্গী হাতির এমন নিবিড় সহমর্মিতা মানুষের মনে বিস্ময় ও মমত্ববোধ তৈরি করেছে, অন্যদিকে আহত হাতিটির শারীরিক অবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত চিকিৎসার ব্যবস্থা না হলে ক্ষত আরও গুরুতর হয়ে হাতিটির জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।
এ অবস্থায় বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়ে হাতিটির চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে হাতি দুটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ও তাঁর দল দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে মাদি হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করা হবে।
আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন তাকে বিরক্ত বা আক্রমণ না করেন, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন এই বন কর্মকর্তা।




