গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা ও অগ্নিসংযোগ চালায়।
স্থানীয় সূত্রগুলোর তথ্যমতে, অগ্নিসংযোগের সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া তারা টুঙ্গিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অস্ত্র হাতে মহড়া দিচ্ছে বলেও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নেয়।
এদিকে, সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি ও টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগের খবর পেয়ে জেলা শহর থেকে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার খালেকবাজার নামক এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরের গতিরোধ করা হয়। এ সময় পুলিশের অন্তত পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এসব সহিংস ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দায়িত্বশীল কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ডিআর




