গাজীপুর মহানগরের জোড়পুকুর এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, জোড়পুকুর এলাকায় সাবেক মন্ত্রীর টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এই মন্ত্রীর কণ্ঠ দাবি করে ছড়িয়ে পড়া একটি অডিও নিয়ে আলোচনা চলছে। ওই অডিওতে ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বাড়িতে আগুন দেয়া, প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা এবং দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির বিষয়ে নির্দেশনা দেয়ার কথা শোনা যায় বলে দাবি করা হচ্ছে। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ছড়িয়ে পড়া অডিওতে কথিত কণ্ঠকে বলতে শোনা যায়, ১৯ নভেম্বর প্রত্যেক ইউনিয়নে দুই-তিনটি বাড়িতে আগুন দেওয়া হলে পরিস্থিতি পাল্টে যাবে। এমনকি আগুনে বাড়ি না পুড়লেও আগুন লাগানোর ঘটনা ঘটলেই মানুষ আতঙ্কিত হবে—এমন বক্তব্যও রয়েছে বলে দাবি করা হচ্ছে। অডিওতে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা এবং দেশীয় অস্ত্র ব্যবহারের কথাও শোনা যায়। পাশাপাশি ৩০ তারিখের মধ্যে বিএনপিকে ক্ষমতা থেকে উৎখাত করার কথাও রয়েছে।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। ১৫ নভেম্বর একটি ভার্চুয়াল বৈঠকে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং দলটির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন অংশ নিয়েছিলেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। ছড়িয়ে পড়া অডিওটি ওই বৈঠকের রেকর্ড বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অডিওর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। এ বিষয়ে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বক্তব্যও পাওয়া যায়নি।




