মৃত্যুর পর নিজের সব সম্পত্তি তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে দান করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। তিনি জানিয়েছেন, তার সম্পত্তি পরিবারের সদস্যরা পাবেন না; বরং তা একটি জনকল্যাণমূলক ট্রাস্টের মাধ্যমে মানুষের কাজে ব্যয় করা হবে।
সম্প্রতি নিজের এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে রজনীকান্ত বলেন, মৃত্যুর পর রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। এর প্রতিটি পয়সা যাবে তামিলনাড়ুর মানুষের কল্যাণে।
অভিনেতার ভাষ্য, তামিলনাড়ুর মানুষ তার সিনেমার টিকিট কিনে দীর্ঘ অভিনয়জীবনে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসার প্রতিদান দিতেই তিনি সম্পত্তি জনকল্যাণে উৎসর্গ করতে চান।
দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রজনীকান্ত বলেন, টিকিটের দাম যেমনই থাকুক, তামিলনাড়ুর মানুষ সব সময় তার সিনেমা দেখতে হলে গেছেন। তাদের ভালোবাসাকেই নিজের সাফল্যের অন্যতম ভিত্তি মনে করেন এই অভিনেতা।
একসময় বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করা রজনীকান্ত দীর্ঘ অভিনয়জীবনে দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা থেকেই মৃত্যুর পর সম্পত্তি জনকল্যাণে ব্যয় করার এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এনএ




