মাদারীপুরের কালকিনিতে টিকটকে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের জেরে এক তরুণের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন আরেক তরুণ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুই তরুণকে দেখতে ওই বাড়িতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
ওই দুই তরুণ হলেন দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) এবং মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে মাহিন মুন্সি (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে তারা একসঙ্গে থাকতে চান এবং বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। এ দাবিতেই নবদ্বীপের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন।
স্থানীয়রা জানান, এর আগেও দুইবার ওই বাড়িতে এসেছিলেন মাহিন। তবে এবার বিয়ের দাবিতে অবস্থান নেওয়াতে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
দুই তরুণ জানান, তারা একে অপরকে ভালোবাসেন। তাই বিয়ে করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।




