ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল থাকায় আজ (বৃহস্পতিবার) সেন্টমার্টিনগামী সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে। আগে থেকে যারা এদিনের টিকিট কেটেছেন, তারা আবহাওয়া স্বাভাবিক হলে ওই টিকিটেই ভ্রমণ করতে পারবেন। সময়ের কারণে পরবর্তী সময়ে ভ্রমণ সম্ভব না হলে টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।
এদিকে, সেন্টমার্টিনে অবস্থানরত পর্যটকদের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে। এ সময় দ্বীপে অবস্থানরত পর্যটকদের দেখভালের জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সেন্টমার্টিন রুটে চলাচলকারী জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক বাহাদুর হোসাইন বলেন, হঠাৎ আবহাওয়া বৈরী হয়ে ওঠায় এবং সমুদ্রে সতর্কসংকেত থাকায় সাগর উত্তাল রয়েছে। এ কারণে বৃহস্পতিবারের যাত্রা বাতিল করা হয়েছে। তবে আবহাওয়া ভালো হলে পর্যটকরা আগের টিকিটেই ভ্রমণ করতে পারবেন। কেউ যেতে না চাইলে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।
আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সমুদ্রবন্দরকে ২ নম্বর সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে। একই সঙ্গে সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, চলতি মৌসুমে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পাঁচটি পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটকের দ্বীপে যাওয়ার সুযোগ রয়েছে।
বিএইচ




