ব্যবসায়িক পর্যায়ে (বিটুবি) যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি ‘যৌথ ব্যবসায়িক ফোরাম’ গঠনের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও জর্ডান। পাশাপাশি উভয় পক্ষ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং জর্ডান ফসফেট মাইনস কোম্পানির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি পুনরায় কার্যকর করার বিষয়ে সম্মত হয়েছে।
এছাড়া, শ্রমিক বিষয়ক সহযোগিতার গুরুত্ব অনুধাবন করে উভয়পক্ষ ‘শ্রম বিষয়ক যৌথ কমিটি’ সক্রিয় করার বিষয়ে একমত হয়েছে।
স্থানীয় সময় বুধবার (১৮ নভেম্বর) জর্ডানের রাজধানী আম্মানে দুই দেশের রাজনৈতিক পরামর্শক সভায় এসব বিষয়ে একমত হয়েছে।
সভায় উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম, সংস্কৃতি ও পর্যটন, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) মো. নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং জর্ডানের পক্ষে দেশটির রাষ্ট্রদূত মুহাম্মদ আবু ওয়ান্দি নেতৃত্ব দেন।
আলোচনায় উভয়পক্ষ ব্যবসায়িক পর্যায়ে (বিটুবি) যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি ‘যৌথ ব্যবসায়িক ফোরাম’ গঠনের বিষয়ে একমত হয়েছে। এ ছাড়া, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এবং জর্ডান ফসফেট মাইনস কোম্পানির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি পুনরায় কার্যকর করার বিষয়েও তারা সম্মত হয়েছে। এর মাধ্যমে ফসফেট, সার ও সংশ্লিষ্ট রাসায়নিক দ্রব্য সরবরাহসহ বিভিন্ন ক্ষেত্রে সরাসরি সহযোগিতার পথ উন্মোচিত হবে।
পাশাপাশি তৈরি পোশাক ও ওষুধ শিল্প খাতে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়েছে সভায়। শ্রমিক বিষয়ক সহযোগিতার গুরুত্ব অনুধাবন করে উভয় পক্ষ ‘শ্রম বিষয়ক যৌথ কমিটি’ সক্রিয় করার বিষয়ে একমত হয়েছে। এর উদ্দেশ্য হলো—নথিপত্রবিহীন কর্মীদের বৈধকরণসহ শ্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদার করা।
উভয়পক্ষ প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলনগুলো বিনিময়ের বিষয়ে আলোচনা করেছে।
এছাড়া, সংস্কৃতি, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ পক্ষ ঢাকায় জর্ডানের একটি আবাসিক দূতাবাস খোলার অনুরোধ জানিয়েছে। উত্তরে জর্ডান বলেছে, প্রস্তাবটি বিবেচনাধীন।
আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে, জেরুজালেমে মুসলিম ও খ্রিষ্টানদের পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে জর্ডানের নেতৃত্ব ও দীর্ঘদিনের ভূমিকার পাশাপাশি ফিলিস্তিনিদের দাবির প্রতি তাদের নীতিগত সমর্থনের প্রশংসা করেছে বাংলাদেশ। ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে একটি ন্যায়সংগত ও স্থায়ী সমাধানের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
জর্ডান বাংলাদেশের এই অবস্থানের প্রশংসা করেছে এবং মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করেছে এবং বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে বিদ্যমান সহযোগিতা ও পারস্পরিক সমর্থনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে অভিন্ন উদ্বেগের বিষয়গুলোতে সমন্বয় আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে উভয় দেশ।
উভয়পক্ষই সংসদীয় কূটনীতির গুরুত্বের ওপর জোর দিয়েছে এবং উল্লেখ করেছে যে, একটি ‘সংসদীয় মৈত্রী কমিটি’ গঠন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি বাড়তি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে।
এছাড়া, সহযোগিতার জন্য একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে অমীমাংসিত দ্বিপাক্ষিক দলিলগুলোর চূড়ান্তকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করতেও উভয়পক্ষ সম্মত হয়েছে।
আলোচনা চলাকালীন উভয়পক্ষ রাজনৈতিক পরামর্শ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যা দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত মত বিনিময়ের একটি আনুষ্ঠানিক কাঠামো প্রদান করবে।
বিএইচ




