চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক সময়ে শহরের নতুন বাজার ও সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার রাতে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত ডা. দীপু মনির বাসভবনের নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও দমকল বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর কিছুক্ষণ পর রাত ১১টার দিকে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ দীপু মনির বাসভবনে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, ফায়ার সার্ভিসের সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস জানান, সুজিত রায় নন্দীর বাড়ির আগুন নেভানো হয়েছে। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়ে পুলিশ অবগত রয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করেছেন।
বিএইচ




