উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা ধারাবাহিকভাবে কমে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নেমেছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি। এ ছাড়া সোমবার ১৮ দশমিক ৫, রোববার ১৬ দশমিক ৪, শনিবার ১৫ দশমিক ৮ এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকেই বাড়ছে ঠান্ডা। রাতে লেপ-কম্বল ব্যবহার করতে হচ্ছে। ভোরে বাইরে বের হলে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।
গলেহাহাট এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, দিনের বেলায় রোদ উঠলে গরম লাগে, এমনকি ঘরে ফ্যান চালাতে হয়। তবে সন্ধ্যার পর থেকে ঠান্ডা বাড়তে থাকে। রাতে লেপ-কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় আরেক বাসিন্দা শাহীন বলেন, কয়েক দিন আগেও রাতে এতটা ঠান্ডা ছিল না। এখন ভোরে বাইরে বের হলেই শীত অনুভূত হয়। আবহাওয়ার এমন পরিবর্তনে শিশু ও বয়স্কদের নিয়ে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিএইচ




