দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ২১ বছর বয়সী এক মা। নবজাতকদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। মা ও চার নবজাতক সবাই সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির।
তিনি জানান, দিনাজপুর সদর উপজেলার রানীপুকুর গ্রামের ওই নারী চার সন্তানের জন্ম দিয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে মায়ের নাম প্রকাশ করা হয়নি।
হাসপাতাল পরিচালক জানান, জন্ম নেওয়া চার নবজাতকই সুস্থ রয়েছে। তাদের শারীরিক অবস্থাও সন্তোষজনক। মা ও শিশুদের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি তাদের সুন্দর ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
মায়ের নাম প্রকাশ না করার বিষয়ে জানতে চাইলে হাসপাতাল পরিচালক বলেন, নাম প্রকাশ না করার বিশেষ কোনো কারণ তিনি দেখছেন না। একসময় বিষয়টি সবাই জানতে পারবেন।
তিনি আশা প্রকাশ করেন, চার নবজাতক সুস্থভাবে বেড়ে উঠবে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে।
একসঙ্গে চার সন্তানের জন্মের ঘটনায় পরিবারটির মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঘটনাটি ঘিরে দিনাজপুরের স্থানীয় মানুষের মধ্যেও কৌতূহল ও উৎসাহ দেখা দিয়েছে। মা ও নবজাতকদের সুস্থতা এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন সবাই।
বিএইচ




