গাজীপুর মহানগরীর পূবাইলে ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জাকির হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করমতলা বাজার সংলগ্ন একটি মেডিক্যালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন পূবাইল থানাধীন তালুটিয়া এলাকার আহমেদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিলেন জাকির। পথে করমতলা বাজার এলাকায় একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পূবাইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় স্থানীয় লোকজন অটোরিকশার চালক সুবলকে (৩০) আটক করে রাখেন। তবে পুলিশ তাঁকে আটক করেনি। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মোটরসাইকেলটি পুলিশ নিজেদের হেফাজতে নেয়।
এসআই দেলোয়ার হোসেন মানবকণ্ঠকে জানান, দুর্ঘটনার পর নিহতের পরিবারের সদস্যরা মরদেহ ঢাকার উত্তরার একটি হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হবে। পরবর্তী সময়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ




