বৌদ্ধ ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী ৫০তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব শুরু হয়েছে রাঙ্গামাটির রাজবন বিহারে। বৃহস্পতিবার বিকেলে চরকায় সুতা কেটে এবং বেইন ঘর উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন রাজপরিবারের বিশিষ্ট সদস্য কুমাট সুমিত রায়ের সহধর্মিণী জয়তী রায়। এ সময় পুণ্যার্থীদের ‘সাধু সাধু’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে রাজবন বিহার প্রাঙ্গণ।
শুক্রবার বিকেলে ভিক্ষু সংঘের কাছে চীবর দান করা হবে। উৎসব উপলক্ষে বিহার এলাকায় বসেছে গ্রামীণ মেলা।
রাজবন বিহার কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক অমিয় খীসা জানান, বিহারের বিশাল এলাকা জুড়ে প্রায় চার শতাধিক চরকা ও ২০৫টি বেইন (তাঁত) স্থাপন করা হয়েছে। এতে হাজারো নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে চীবর তৈরির কাজে অংশ নিয়েছেন। উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নিরুপা দেওয়ান জানান, অন্যান্য বছরের মতো এবারও দেশের বাইরে থেকে কয়েকজন বিদেশি পুণ্যার্থী উৎসবে যোগ দিয়েছেন। সকালে প্রথম পর্বের ধর্মীয় অনুষ্ঠান শেষে বিকেলে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। এতে সব প্রাণীর সুখ ও শান্তি কামনায় সমবেত সূত্রপাঠ ও মঙ্গলাচরণ অনুষ্ঠিত হয়।
রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ ভিক্ষু সংঘকে চীবর দানের মধ্য দিয়ে এই মহৎ দানানুষ্ঠান সম্পন্ন হবে।
বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় গেরুয়া বস্ত্রকে চীবর বলা হয়। ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে চরকায় সুতা কেটে, তা রং করে ও শুকিয়ে তাঁতে কাপড় বুনে চীবর তৈরি করে ভিক্ষুদের দান করা হয়। এ কারণেই এই দানকে ‘কঠিন চীবর দান’ বলা হয়। পার্বত্য এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রাচীন এই রীতি অনুসরণ করে উৎসবটি পালন করেন।
বৌদ্ধ শাস্ত্র অনুযায়ী, প্রায় আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের উপাসিকা বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরির এই প্রথা প্রচলন করেন। প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত তিন মাস ভিক্ষুদের বর্ষাবাস শেষে এই চীবর দান করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৩ সাল থেকে রাঙ্গামাটির রাজবন বিহারে কঠিন চীবর দান উৎসব উদযাপিত হয়ে আসছে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগতের সব দানের মধ্যে চীবর দান সর্বশ্রেষ্ঠ। ২৪ ঘণ্টার অক্লান্ত পরিশ্রমে তৈরি এই চীবর চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় শুক্রবার বিকেলে পার্বত্য ধর্মীয় গুরু বনভান্তের স্মৃতির উদ্দেশ্যে ভিক্ষু সংঘের কাছে উৎসর্গ করবেন। রাতে ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হবে এবারের উৎসব।




