রংপুর বিভাগের তিন জেলার সীমান্তে ভারতীয় চিতাবাঘের আনাগোনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে কয়েক দফায় এসব প্রাণীর উপস্থিতি দেখা গেছে। কেউ কেউ একে সীমান্তে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা বলে সন্দেহ করলেও বন বিভাগ ও বিজিবি তা নাকচ করেছে। তাদের মতে, খাবারের সন্ধানে কিংবা পথ ভুলে ভারত থেকে এসব প্রাণী বাংলাদেশে ঢুকে পড়ছে।
গত ১৩ নভেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তের ৩৯৫ নম্বর পিলারসংলগ্ন নাগর নদীর ওপারে দুটি চিতাবাঘ দেখা যায়। নদীর পানি কম থাকায় সেগুলো বাংলাদেশে প্রবেশের আশঙ্কায় আতঙ্ক ছড়ায়। এর আগে ২৫ অক্টোবর লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে চিতাবাঘের আক্রমণে নারীসহ কয়েকজন কৃষক আহত হন। চলতি বছরের মে মাসে কুড়িগ্রাম সীমান্তেও ভারত থেকে বাঘ আসার খবর পাওয়া যায়।
রংপুর ৫১ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত বলেন, সীমান্তের ওপারে ভারতের চা-বাগান ও বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে কিংবা পথ ভুলে এসব প্রাণী বাংলাদেশে আসে। এ বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে।
রংপুর বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায় বলেন, চিতাবাঘ সাধারণত মানুষকে আক্রমণ করে না। বন্যপ্রাণী দেখলে আঘাত না করে দ্রুত বিজিবি বা বন বিভাগকে খবর দিতে হবে।




