বরিশালের নিখোঁজ সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদীমের সন্ধান পাওয়া গেছে। কুয়াকাটা সমুদ্রসৈকতে তার সন্ধান পায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার সন্ধান পায় পুলিশ। বর্তমানে তিনি কুয়াকাটায় অবস্থান করছেন। তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন বলে জানা গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদীম একাই ঘুরতে কুয়াকাটায় গিয়েছিলেন। মোবাইলফোন বন্ধ থাকায় তাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। পরে পুলিশের তৎপরতায় তার সন্ধান পাওয়া যায়।
শেখ ফারহান নাদীম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালতের কার্যক্রম শেষে বের হওয়ার পর বাসায় ফেরেননি তিনি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়।
নিখোঁজের দিন তিনি ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন করে রিকশায় করে রওয়ানা হন। পরে নগরীর আলেকান্দা-আমতলা এলাকায় তার সবশেষ অবস্থানের তথ্য পাওয়া যায়।
দুদিনেও তার কোনো সন্ধান না পেয়ে বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আদালতের নাজির সৈয়দ মাঈনুল হাসান। এরপর বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিশেষ দল গঠন করে তার সন্ধানে অনুসন্ধান শুরু করে।
সবশেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্রসৈকতে তার সন্ধান মেলে।




