ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদনের অগ্রগতি জানতে আবারও নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হয়েছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। এবার চিঠির সঙ্গে শেখ হাসিনার নিজের স্বাক্ষরিত একটি আইনি প্রতিনিধিত্বের অনুমতিপত্রও সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিষ্ঠানটির ব্যারিস্টার স্টিভেন পাওলেস এই চিঠি পাঠান।
এর আগে গত ৯ নভেম্বর পাঠানো প্রথম চিঠির পর শেখ হাসিনার পক্ষ থেকে আইনজীবীকে যথাযথ আইনি অনুমোদন দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই বিতর্ক নিরসনে ও প্রতিনিধিত্বের বিষয়টি স্পষ্ট করতে এবার শেখ হাসিনার স্বাক্ষরিত প্রত্যয়নপত্র যুক্ত করা হয়েছে।
প্রথম চিঠিতে শেখ হাসিনার আগের বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডির স্থানে নতুন নথি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলা হয়েছিল। নতুন চিঠিতে সেই অনুরোধের সর্বশেষ অগ্রগতি জানতে চেয়ে দ্রুত জবাবের অনুরোধ জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, এর আগেও একই ধরনের প্রক্রিয়ায় হাইকমিশনে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে হাইকমিশনের কর্মকর্তাদের প্রাথমিক যাচাই-বাছাইয়ে স্বাক্ষরটির সত্যতা নিয়ে গুরুতর সন্দেহ দেখা দেয় এবং পরবর্তীতে এটি জাল বলে চিহ্নিত হয়।
গত ১০ নভেম্বর বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, আইনজীবীর প্রথম চিঠিকে আনুষ্ঠানিক আবেদন হিসেবে উপস্থাপন করায় গণমাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছিল।
শেখ হাসিনার আইনজীবীর পাঠানো নতুন এই চিঠির বিষয়ে বাংলাদেশ হাইকমিশন কিংবা সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।




