সুন্দরবনের দুবলার চরে শুঁটকি মৌসুমের শুরুতেই পরপর দুই ঘূর্ণিঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছেন জেলেরা। ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি ও রোদের অভাবে চাতালে শুকাতে দেওয়া মাছ পচে নষ্ট হচ্ছে। এতে লাখ লাখ টাকার শুঁটকি নষ্ট হওয়ার পাশাপাশি প্রায় ১০ হাজার জেলে, বহদ্দার ও শ্রমিকের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েছে।
চলতি বছরের ৩০ অক্টোবর দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু হয়। বুকভরা আশা নিয়ে মহাজনের কাছ থেকে দাদন নিয়ে জাল, নৌকা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ চরে পৌঁছান জেলেরা। কিন্তু মৌসুম শুরুর পরপরই ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে সাগরে মাছ ধরতে যেতে পারেননি তাঁরা। ৩ নম্বর সতর্কসংকেত জারির কারণে প্রথম পাঁচ দিন কার্যত বন্ধ ছিল মাছ আহরণ। ঝড়ে অনেকের তাঁবু উড়ে যায়, ছিঁড়ে যায় জাল, ক্ষতিগ্রস্ত হয় নৌকা। বৃষ্টিতে ভিজে নষ্ট হয় শুকাতে দেওয়া প্রথম চালানের মাছ।
৫ থেকে ১৫ নভেম্বর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে জেলেরা আবারও মাছ ধরা ও শুঁটকি তৈরির কাজ শুরু করেন। তবে ১৬ নভেম্বর থেকে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আবারও বৈরী আবহাওয়া শুরু হয়। টানা বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশে বন্ধ হয়ে যায় শুঁটকি শুকানোর কাজ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত দুবলার চরে বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত ছিল। অনেক জেলের তাঁবুতে পানি ঢুকে চাল, ডাল, বিছানাপত্র ও জামাকাপড় ভিজে গেছে। সাগর উত্তাল থাকায় গত তিন দিন ধরে কোনো ট্রলারই মাছ ধরতে যেতে পারছে না। ফলে চরের বিভিন্ন খালে নোঙর করে অলস সময় কাটাচ্ছে মাছ ধরার ট্রলারগুলো।
সবচেয়ে বেশি সংকট তৈরি হয়েছে শুঁটকি শুকানো নিয়ে। মাছ শুকাতে টানা কড়া রোদের প্রয়োজন হলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে কয়েক দিন ধরে আকাশ মেঘে ঢাকা। মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। এতে চাতালে শুকাতে দেওয়া মাছ শুকানোর বদলে স্যাঁতসেঁতে আবহাওয়ায় পচে যাচ্ছে। দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে। বাধ্য হয়ে অনেক জেলে অর্ধশুকনো ও পচন ধরা মাছ ফেলে দিচ্ছেন। কারণ, পচা মাছ বিক্রি করলে মহাজনের কাছ থেকে দাম পাওয়া যায় না, বরং জরিমানার মুখেও পড়তে হয় বলে জানিয়েছেন তাঁরা।
আলোরকোলের বহদ্দার কাশেম আলী (৫৫) বলেন, “এই ২০ বছরে এমন দেখি নাই। মৌসুমের শুরুতেই দুইটা ঝড়। আমার ১৫ জন জেলে বসে আছে। প্রতিদিন তাদের খাবার খরচ ৫ হাজার টাকা। মাছ না পাইলে এই টাকা কই থেকে দেবো? মহাজনের কাছে মুখ দেখাবো কেমনে?”
একই এলাকার জেলে রফিকুল ইসলাম (৩৮) বলেন, “মহাজনের কাছ থেকে ৮০ হাজার টাকা দাদন নিয়ে আসছি। এখন সাগরে যাইতে পারি না। বসে বসে ধার বাড়তেছে। বাড়িতে বউ-বাচ্চার জন্য টাকাও পাঠাইতে পারতেছি না। ছেলেটা ফোন করে কয়, আব্বু কবে টাকা পাঠাবা? আমি কি জবাব দেবো?”
মাঝের কেল্লার জেলে হাবিবুর রহমান (৪২) বলেন, “আমরা সাগরে মাছ ধরতে আইছি, এখন সাগরই আমাদের খাইতে আইছে। রোদ না উঠলে এই মৌসুমে আর ঘুরে দাঁড়ানো যাবে না।”
শেখ হিরু নামে এক শ্রমিক বলেন, “আমরা মাছ কাটা আর শুকানোর কাজ করি। কাজ না থাকলে দিনে ৩০০ টাকা মজুরিও নাই।”
দুবলার চরে এবার প্রায় ১০ হাজারের বেশি জেলে, বহদ্দার ও শ্রমিক মৌসুম কাটাতে এসেছেন। চরের পাঁচটি প্রধান এলাকায়—আলোরকোল, মেহের আলীর চর, মাঝের কেল্লা, অফিস কেল্লা ও নারকেলবাড়িয়ায় শুঁটকি উৎপাদন হয়। প্রতিবছর এসব এলাকায় প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মেট্রিক টন শুঁটকি উৎপাদিত হয়, যার বাজারমূল্য ৩০০ কোটি টাকার বেশি। এসব শুঁটকি দেশের চাহিদা মেটানোর পাশাপাশি ভারত, মিয়ানমার ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশেও রপ্তানি হয়।
তবে এবার মৌসুমের শুরুতেই উৎপাদন প্রায় ৭০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এক শুঁটকি ব্যবসায়ী বলেন, “গত বছর এই সময় আমার চাতালে ২০ মণ মাছ শুকাইতেছিল। এবার মাত্র ৩ মণ। তাও পচে যাইতেছে।”
এ বিষয়ে জেলেপল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, “এই ক্ষতি শুধু জেলেদের নয়, সরকারেরও। দুবলার চরে শুঁটকি আহরণের জন্য জেলেদের বন বিভাগ থেকে পারমিট নিতে হয়। প্রতি মৌসুমে এখান থেকে প্রায় ৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়। উৎপাদন না হলে রাজস্বও আসবে না।”
সুন্দরবন পূর্ব বন বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরপর দুই ঘূর্ণিঝড়ের কারণে এবার রাজস্ব আদায়ে বড় ঘাটতির আশঙ্কা রয়েছে। তবে জেলেদের নিরাপত্তাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। তাঁদের সাগরে না নামার জন্য বারবার মাইকিং করা হচ্ছে।
বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত জেলেরা তাঁদের জন্য শুকনো খাবার ও নগদ সহায়তার দাবি জানিয়েছেন। পাশাপাশি মহাজনের কাছ থেকে নেওয়া দাদনের কিস্তি পরিশোধের সময়সীমা শিথিল, সুদ মওকুফ, দুবলার চরে স্থায়ী সাইক্লোন শেল্টার নির্মাণ এবং নিরাপদ পানির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে দ্রুত সতর্ক হওয়ার জন্য কার্যকর আগাম আবহাওয়া সতর্কবার্তা ব্যবস্থারও দাবি তাঁদের।
বিএইচ




