কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ধর্মঘট ও অবরোধ কর্মসূচির কোনো প্রভাব পড়েনি হবিগঞ্জের মাধবপুরে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে স্বাভাবিক ছিল জনজীবন। দূরপাল্লার যানবাহনসহ সব ধরনের যান চলাচল করেছে স্বাভাবিকভাবে। খোলা ছিল দোকানপাট ও হাটবাজারও।
এদিকে আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচির প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাধবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও জাসাসের নেতাকর্মীরা পৃথক পৃথক ঝটিকা মিছিল নিয়ে মাধবপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিলগুলো একে একে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন উপজেলা পরিষদের সামনে এসে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।
এ সময় ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ স্লোগানে মুখর হয়ে ওঠে উপজেলা পরিষদ এলাকা।
সমাবেশে বক্তব্য দেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সহসভাপতি শহীদুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল ও সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, আইন ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কবির খান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাসুকুর রহমান মাসুক, জাসাসের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিএনপি নেতা সাদেক মিয়া, মর্তুজ আলী ও আব্দুল কাইয়ূম সর্দার প্রমুখ।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে আলমগীর কবির, মশিউর রহমান মোর্শেদ ও আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের ডাকা ধর্মঘট ও অবরোধ কর্মসূচির সমালোচনা করেন। তাঁরা বলেন, মাধবপুরে কোনো ধরনের নৈরাজ্য, অস্থিতিশীলতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
বিএনপি নেতারা আরও বলেন, মাধবপুরের শান্তি-শৃঙ্খলা ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে তাঁরা প্রস্তুত।
অন্যদিকে, সকাল থেকে মাধবপুরে দূরপাল্লার যানবাহনসহ সব ধরনের যান চলাচল স্বাভাবিক ছিল। দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাটবাজারও ছিল খোলা। সব মিলিয়ে আওয়ামী লীগের ডাকা ধর্মঘট ও অবরোধ কর্মসূচির কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি মাধবপুরের জনজীবনে।
বিএইচ




