দিনাজপুরের পুনর্ভবা নদীর ওপর প্রায় ২২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি আট বছরেও মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি। সেতুর মূল নির্মাণকাজ শেষ হলেও এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। ফলে সেতুটি দাঁড়িয়ে থাকলেও কোনো কাজে আসছে না স্থানীয় মানুষের। বাধ্য হয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার হচ্ছেন দুই পাড়ের কয়েক হাজার মানুষ।
দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা ও বিরল উপজেলার বসন্তপুর চকেরহাট এলাকার মাঝ দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর ওপর নির্মাণ করা হয়েছে ২৫০ মিটার দীর্ঘ সেতুটি। চলতি বছরের জুন মাসে এর নির্মাণকাজ শেষ হয়। কিন্তু সংযোগ সড়ক না থাকায় এখনো চালু করা যায়নি সেতুটি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ অক্টোবর সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেন দিনাজপুর-২ আসনের তৎকালীন সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। ২৫০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় ২২ কোটি ৫৭ লাখ ৮১ হাজার টাকা। নির্মাণকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির অংশীদার ছিলেন তৎকালীন সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। দীর্ঘ আট বছর পর চলতি বছরের জুন মাসে সেতুর মূল নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় এটি এখনো ব্যবহার করা যাচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, পুনর্ভবা নদীর ওপর বিশাল সেতু দাঁড়িয়ে থাকলেও দুই পাশে নেই চলাচলের উপযোগী সংযোগ সড়ক। সেতুর পাশেই বড় নৌকায় মোটরসাইকেল, সাইকেল, ভ্যান, গবাদিপশু ও সাধারণ মানুষ পারাপার হচ্ছেন। নদীর স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ঝুঁকি নিয়েই চলছে এই পারাপার। শুষ্ক মৌসুমে কিছুটা স্বস্তি মিললেও বর্ষায় পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে পারাপার হয়ে ওঠে আরও বিপজ্জনক।
স্থানীয়দের অভিযোগ, সেতুটি চালু না হওয়ায় কৃষিপণ্য ও অন্যান্য মালামাল নিয়ে দিনাজপুর শহরে যেতে প্রায় ১৫ কিলোমিটার পথ ঘুরতে হয়। এতে সময় ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। স্থানীয়দের দাবি, সম্প্রতি নৌকায় নদী পার হওয়ার সময় আফজাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি পানিতে ডুবে মারা যান।
বিরল উপজেলার ধুলাতৈর গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, সেতুটি চালু না হওয়ায় এলাকার কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। বিশেষ করে অসুস্থ রোগীদের নিয়ে নদী পার হতে গিয়ে চরম বিপাকে পড়তে হয়। ২০১৮ সালে সেতুর নির্মাণকাজ শুরু হলেও অত্যন্ত ধীরগতিতে তা সম্পন্ন হয়েছে। চলতি বছর মূল কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় মানুষ কোনো সুবিধা পাচ্ছে না। উৎপাদিত শাকসবজি শহরে নিতে প্রায় ১৫ কিলোমিটার ঘুরতে হয়। এতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় অনেক সময় পণ্য বিক্রি করে লাভ থাকে না।
বিরল উপজেলার কালিয়াগঞ্জ এলাকার বাসিন্দা মোতাহার আলী বলেন, দিনাজপুর শহরে যেতে হলে তাঁকে নৌকায় নদী পার হতে হয়। অন্যথায় প্রায় ১৫ কিলোমিটার ঘুরে অন্য সেতু দিয়ে যেতে হয়। এত টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় সেটি ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী।
ঘুঘুডাঙ্গা স্কুলের শিক্ষার্থীরা জানায়, প্রতিদিন নৌকায় নদী পার হয়ে তাদের বিদ্যালয়ে যেতে হয়। একটি মাত্র নৌকা থাকায় অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। আবার নদী পারাপারের সময় পানিতে পড়ে বই-খাতা ভিজে যাওয়ার ঘটনাও ঘটে। সন্তানদের জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করতে হওয়ায় অভিভাবকরাও সব সময় দুশ্চিন্তায় থাকেন।
ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আনিকা আখতারা জানায়, তার বাড়ি নদীর ওপারে চকেরহাট এলাকায়। প্রতিদিন নৌকায় নদী পার হয়ে বিদ্যালয়ে আসতে হয়। নদী পার হওয়ার সময় খুব ভয় লাগে। কয়েক দিন আগে নৌকা ডুবে দুই শিশুকে বাঁচাতে গিয়ে এক ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন।
ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ ছগীর আহাম্মদ বলেন, বিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী নদীর ওপারের বাসিন্দা। প্রতিদিন তাদের ঝুঁকি নিয়ে নদী পার হয়ে বিদ্যালয়ে আসতে হয়। অনেক সময় শিক্ষার্থীরা নদীতে পড়ে যায়। দীর্ঘদিন ধরে সেতুর নির্মাণকাজ চললেও সংযোগ সড়ক না থাকায় এটি দুই পাড়ের মানুষের কোনো উপকারে আসছে না।
এ বিষয়ে দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেন বলেন, সেতুটির সংযোগ সড়ক নির্মাণের প্রাক্কলিত দর ইতিমধ্যে প্রকল্প পরিচালক বরাবর পাঠানো হয়েছে। খুব শিগগিরই প্রকল্পটি অনুমোদন পেলে সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে নির্মাণকাজ শুরু করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এতে দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে, নিরাপদ হবে শিক্ষার্থীদের যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনেও ফিরবে গতি।
এসএ




