ভারতের বাজারে চলতি বছরের জানুয়ারিতে সর্বোচ্চ দামে ওঠার পর স্বর্ণের দাম ৩২ শতাংশের বেশি কমেছে। এতে মূল্যবান এই ধাতুর দাম আগের অবস্থায় ফিরতে কত সময় লাগতে পারে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের (এমসিএক্স) ২১ নভেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী, ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৮০ হাজার রুপি থেকে কমে ১ লাখ ২২ হাজার রুপিতে নেমেছে। এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম। সেই হিসেবে ভরিতে কমেছে ৬৭ হাজার ৬৬১ রুপি।
স্বর্ণের এই বড় দরপতনের পর অতীতের বাজার পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতিহাস বলছে, বড় ধরনের দরপতনের পর স্বর্ণের দাম আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে অনেক সময় কয়েক বছর লেগেছে। ফলে স্বল্প সময়ের মধ্যে দাম আগের পর্যায়ে ফিরে আসবে—এমন প্রত্যাশা না করে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা।
ফান্ডসইন্ডিয়ার ‘ওয়েলথ কনভারসেশনস’ প্রতিবেদনে বলা হয়েছে, বড় ধরনের দরপতনের পর স্বর্ণের দাম সর্বোচ্চ অবস্থান থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে গড়ে প্রায় দুই বছর আট মাস সময় নেয়। এরপর আগের সর্বোচ্চ দাম ফিরে পেতে আরও গড়ে চার বছর সাত মাস লাগতে পারে।
শুধু ভারতের বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। জানুয়ারিতে প্রতি আউন্স পাঁচ হাজার ৫৯৪ দশমিক আট দুই ডলারের রেকর্ড উচ্চতায় ওঠার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ৩৬ শতাংশ কমেছে। গত বছরের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়েও নেমেছে দাম।
বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক কারণে স্বর্ণের বাজারে এই চাপ তৈরি হয়েছে। শক্তিশালী মার্কিন ডলার ও দেশটির সরকারি বন্ডের মুনাফার হার বৃদ্ধি স্বর্ণের দাম কমাতে ভূমিকা রেখেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে—এমন প্রত্যাশাও স্বর্ণের আকর্ষণ কমিয়েছে।
সাধারণত সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়। কারণ স্বর্ণে বিনিয়োগ থেকে নিয়মিত সুদ বা আয় পাওয়া যায় না। অন্যদিকে সুদযুক্ত সম্পদে মুনাফার সুযোগ বাড়লে বিনিয়োগকারীরা সেদিকে বেশি ঝুঁকতে পারেন।
বাজার পরিস্থিতির পরিবর্তনের কারণে স্বর্ণের ভবিষ্যৎ দাম নিয়ে পূর্বাভাসও সংশোধন করা হয়েছে। বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের সম্ভাব্য দাম পাঁচ হাজার ৬০০ ডলার থেকে কমিয়ে চার হাজার ৬৫০ ডলার নির্ধারণ করেছে। উচ্চ সুদের হারের কারণে নিকট ভবিষ্যতে স্বর্ণের দামে চাপ থাকতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
তবে দীর্ঘমেয়াদে স্বর্ণের দাম ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও দেখছে তারা। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনা এবং সুদের হার কমলে বিনিয়োগকারীদের চাহিদা আবার বাড়ার সম্ভাবনা বাজারকে সহায়তা করতে পারে।
অতীতের বড় দরপতনের ঘটনাগুলো বিশ্লেষণ করলে স্বর্ণের দাম পুনরুদ্ধারে দীর্ঘ সময় লাগার নজির পাওয়া যায়। সাম্প্রতিক দরপতনের মাত্রাও গত কয়েক দশকের কয়েকটি বড় দরপতনের সঙ্গে তুলনীয়।
শতাংশ কমে গিয়েছিল। আগের সর্বোচ্চ দামে ফিরতে প্রায় এক দশক সময় লেগেছিল।
অন্যদিকে, ১৯৯৬ ও ২০১২ সালের দরপতনের মাত্রা বর্তমান পরিস্থিতির তুলনামূলক কাছাকাছি ছিল। ওই দুই ক্ষেত্রেই স্বর্ণের দাম আগের অবস্থানে ফিরতে ছয় বছরের বেশি সময় নিয়েছিল।




