সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসবকে ঘিরে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে বসতে যাচ্ছে লাখো পুণ্যার্থীর মিলনমেলা। প্রতি বছরের মতো এবারও বাগেরহাটের মোংলা উপজেলার দুবলার চরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী রাস পূজা। এ উৎসবকে কেন্দ্র করে পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুন্দরবনের বন্যপ্রাণী, বনজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বন বিভাগ।
এবার পুণ্যার্থীদের যাতায়াতের জন্য নির্ধারণ করা হয়েছে পাঁচটি বিশেষ নৌপথ। নির্ধারিত পথ ও চেকপোস্টের বাইরে কোনো নৌযান চলাচল কিংবা নোঙর করতে পারবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা ও জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এ রাস উৎসবের সূচনা হয়েছিল সুন্দরবনের দুবলার চরে। প্রচলিত ইতিহাস অনুযায়ী, প্রায় দুই শতাব্দী আগে সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে কয়েকজন জেলে দুবলার চরে আশ্রয় নেন। সেখানে তারা ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা উদ্যাপন শুরু করেন। সেই থেকে প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।
সময়ের পরিক্রমায় ধর্মীয় উৎসবের পাশাপাশি রাস পূর্ণিমা এখন পরিণত হয়েছে সর্বজনীন মিলনমেলায়। এ উপলক্ষে দুবলার চরে বসে গ্রামীণ মেলা, অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবটি পায় ভিন্নমাত্রা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের স্পর্শকাতর কোর জোন এড়িয়ে এবং বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচল ও বিচরণক্ষেত্রের ক্ষতি না করে পাঁচটি নৌপথ নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত নৌপথগুলো হলো—
১. মোংলা-পশুর নদী-হাড়বাড়িয়া-কচিখালী-দুবলার চর: এটি অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ নৌপথ।
২. খুলনা-রূপসা-পশুর নদী-মোংলা-দুবলার চর: খুলনা থেকে আসা বড় লঞ্চগুলো এ পথে চলাচল করবে।
৩. বাগেরহাট-মোড়েলগঞ্জ-মোংলা-দুবলার চর: স্থানীয় পুণ্যার্থীদের যাতায়াতের জন্য এ পথ নির্ধারণ করা হয়েছে।
৪. সাতক্ষীরা-কয়রা-শিবসা নদী-দুবলার চর: সাতক্ষীরা অঞ্চলের পুণ্যার্থীরা এ পথে যাতায়াত করবেন।
৫. বরগুনা-পাথরঘাটা-বলেশ্বর নদী-দুবলার চর: বরগুনা অঞ্চলের পুণ্যার্থীদের জন্য এ নৌপথ নির্ধারণ করা হয়েছে।
প্রতিটি নৌপথে দুটি করে মোট ১০টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে ২৪ ঘণ্টা বনরক্ষীরা দায়িত্ব পালন করবেন। অনুমোদিত পাস ছাড়া কোনো ট্রলার, লঞ্চ কিংবা স্পিডবোট সুন্দরবনে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি প্রতিটি নৌযানকে জিপিএস ট্র্যাকিংয়ের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এবারের নিরাপত্তাব্যবস্থায় বিশেষ গুরুত্ব পাচ্ছে বন বিভাগের আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট টিম। আধুনিক অস্ত্র, স্পিডবোট, ড্রোন ও নাইট ভিশন ক্যামেরায় সজ্জিত এ বিশেষ দল পশুর ও শিবসা নদীতে সার্বক্ষণিক টহল দেবে। তাদের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবে কোস্টগার্ড, নৌ-পুলিশ, র্যাব ও জেলা পুলিশের সদস্যরা। এ ছাড়া দুবলার চরের প্রবেশমুখে স্থাপন করা হয়েছে অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জানান, পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে বনের প্রাণ-প্রকৃতি রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, "আমরা চাই পুণ্যার্থীরা নির্বিঘ্নে পূজা করুক। কিন্তু সুন্দরবনের একটা হরিণের গায়ে আঁচড় লাগলেও আমরা ছাড় দেব না। বন্যপ্রাণী ও পরিবেশের ক্ষতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।"
বন বিভাগের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত পাঁচটি নৌপথের বাইরে কোনো নৌযান নোঙর করা যাবে না। রাতে বনের ভেতরে সার্চলাইট জ্বালিয়ে হরিণ শিকার কিংবা মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। উচ্চ শব্দে মাইক বা ডিজে বাজানো যাবে না। বন থেকে কাঠ, গোলপাতা, মধু ও কাঁকড়াসহ কোনো প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করা যাবে না। প্লাস্টিকের বোতল, পলিথিন ও খাবারের প্যাকেট নদী কিংবা বনের পরিবেশে ফেলা যাবে না। একই সঙ্গে বন্যপ্রাণীকে খাবার দেওয়া এবং ছবি তোলার জন্য তাদের বিরক্ত করা থেকেও বিরত থাকতে হবে।
এবারের রাস উৎসবকে 'প্লাস্টিকমুক্ত রাস' হিসেবে ঘোষণা করেছে বন বিভাগ। এ লক্ষ্যে দুবলার চরে প্রবেশের সময় প্রতিটি নৌযানে থাকা প্লাস্টিকের বোতলের সংখ্যা লিখে রাখা হবে। ফেরার সময় সেই হিসাব মিলিয়ে দেখা হবে। বোতলের সংখ্যা কম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে।
পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দুবলার চরে ৫০টি নির্ধারিত ডাস্টবিন, ২০টি ভ্রাম্যমাণ টয়লেট এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে।
এ বিষয়ে চাঁদপাই স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ দৈনিক মানবকণ্ঠকে বলেন, বন বিভাগের পক্ষ থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ ও বিশ্ব ঐতিহ্য। এই বন বাঁচলে আমরাও বাঁচব। তাই রাস পূজায় আসুন, নির্ধারিত পথে চলুন, বনের নিয়ম মেনে চলুন এবং সুন্দরবনকে ভালোবাসুন।
প্রশাসনের ধারণা, এবারের রাস পূর্ণিমায় প্রায় লাখো পুণ্যার্থীর সমাগম ঘটবে। বিপুলসংখ্যক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশাসনের নির্দেশনা মেনে চললে ধর্মীয় উৎসবের আনন্দের পাশাপাশি সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যও সুরক্ষিত থাকবে।
এসএ




