কৃষিতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে ফসল উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদনের কারণে কৃষকরা যেন লোকসানের মুখে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পরিকল্পিত ও আধুনিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি কৃষিপণ্য বিদেশেও রপ্তানি করতে হবে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে মসলা ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশলবিষয়ক কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। ভারত বিভিন্ন সময় যেসব বিষয় নিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে ফেলে, সেসব ক্ষেত্রেই নিজেদের সক্ষমতা গড়ে তুলতে চায় সরকার। আমরা অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না। দেশের মানুষের প্রয়োজনীয় পণ্য নিজেদেরই উৎপাদন করতে হবে।
আয়োডিন আমদানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, লবণে আয়োডিন মেশানোর জন্য ভারত থেকে আয়োডিন আমদানি করতে হয়। এতে প্রতিবছর প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হয়। এই আমদানিনির্ভরতা কমিয়ে দেশে নিজস্বভাবে আয়োডিন উৎপাদনের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে একটি আয়োডিন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছি। আমরা ভারত থেকে আয়োডিন আমদানি করতে চাই না। দেশের প্রয়োজন দেশের উৎপাদনের মাধ্যমেই পূরণ করতে চাই।
কৃষকদের অবদানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি এখন কৃষিপণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। এই অর্জনের পেছনে কৃষকদের শ্রম, মেধা ও অবদান সবচেয়ে বেশি। কৃষকদের উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে আধুনিক প্রযুক্তি ও গবেষণার সুফল মাঠপর্যায়ে পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, বগুড়া-২ আসনের সব কৃষিজমির মাটি বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হবে। এ জন্য রাজস্ব খাত থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। মাটি পরীক্ষার মাধ্যমে জমির প্রকৃত পুষ্টি চাহিদা নিরূপণ করে কৃষকদের সঠিক মাত্রায় সার ব্যবহারে উৎসাহিত করা হবে। এতে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি ফসলের উৎপাদনশীলতাও বাড়বে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. গোলাম হাফিজ, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদ আলম এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন রূপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, গবেষক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন এলাকার কৃষকরা।
এসএ




