কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। দীর্ঘ চার মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদটির ১৫টি লোহার দানবাক্স খোলা হয়।
সকাল ৭টায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত মসজিদটির দানবাক্সগুলো খোলা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দোতলায় শুরু হয় টাকা গণনার কাজ। বর্তমানে বস্তাভর্তি এসব টাকা গণনা করা হচ্ছে। গণনা শেষে মোট অর্থের পরিমাণ জানা যাবে।
টাকা গণনার কাজে অংশ নিয়েছেন পাঁচ শতাধিক মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হলেও বিভিন্ন কারণে এবার চার মাসের বেশি সময় পর সেগুলো খোলা হয়েছে। এ কারণে এবার নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছিল।
এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর মসজিদটির দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।
এবার দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হকসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিএইচ




