বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকদের টেকনাফে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে ট্রলারে করে দ্বীপ ছাড়তে শুরু করেছেন পর্যটকেরা। সকালে পাঁচটি ট্রলারে করে অনেক পর্যটক টেকনাফের শাহপরীর দ্বীপের উদ্দেশে রওনা দেন। তবে যারা দ্বীপে থাকতে চান, তারা এখনো সেন্টমার্টিনে অবস্থান করছেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত ১৯ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। সাগর উত্তাল থাকায় এবং কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে বিভিন্ন সময়ে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন বলে শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়।
সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, শনিবার সকাল থেকে পাঁচটি ট্রলারে করে আটকে পড়া পর্যটকেরা টেকনাফে ফিরতে শুরু করেছেন। তারা সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারে উঠে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছাবেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে যারা ফিরতে চান, তারা ট্রলারে করে চলে যাচ্ছেন। তবে যারা থাকতে চান, তারা দ্বীপেই অবস্থান করছেন। আগামীকাল রোববার কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে অবশিষ্ট পর্যটকদের জাহাজে করে কক্সবাজারে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। অতিরিক্ত সময় দ্বীপে অবস্থান করতে গিয়ে অনেক পর্যটক আবাসন, খাবার ও পূর্বনির্ধারিত পরিবহন বুকিং নিয়ে ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বিএইচ




