বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান ঝুঁকিতে অস্তিত্ব সংকটে পড়েছে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া। একসময়ের সবুজে ঘেরা এই দ্বীপ এখন জোয়ার-ভাটার পানির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে। চারপাশের দুর্বল ও অরক্ষিত বেড়িবাঁধের কারণে উপকূলীয় এলাকার বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক।
স্থানীয়দের অভিযোগ, কুতুবদিয়ার চারপাশের বেড়িবাঁধের অনেক অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কোথাও কোথাও বাঁধের অস্তিত্বও প্রায় বিলীন হয়ে গেছে। ফলে জোয়ারের পানি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন দ্বীপের বাসিন্দারা।
এদিকে, বেড়িবাঁধের ভেতরে ও বাইরে থাকা প্রাকৃতিক সবুজ বেষ্টনীও দিন দিন সংকুচিত হচ্ছে। নির্বিচারে গাছ কেটে বনায়নের জায়গায় গড়ে তোলা হচ্ছে লবণের মাঠ। এতে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দ্বীপটির সুরক্ষাব্যবস্থাও দুর্বল হয়ে পড়ছে।
পরিবেশ ও উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে, মজবুত ও টেকসই বেড়িবাঁধের পাশাপাশি উপকূলীয় সবুজ বেষ্টনী ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং জোয়ারের পানির ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অপরিকল্পিতভাবে বনায়ন ধ্বংস এবং বেড়িবাঁধের দুর্বলতা অব্যাহত থাকলে কুতুবদিয়ার জনবসতি, কৃষি, মৎস্যসম্পদ, জীবিকা ও প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে।
এ অবস্থায় কুতুবদিয়ার অস্তিত্ব ও উপকূলবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত টেকসই ও মানসম্মত বেড়িবাঁধ নির্মাণ, ঝুঁকিপূর্ণ অংশের জরুরি সংস্কার, উপকূলীয় সবুজ বেষ্টনী পুনর্গঠন এবং নির্বিচারে গাছ কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে কুতুবদিয়ার জনপদ, প্রকৃতি ও মানুষের জীবন-জীবিকা আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে। তাই দ্বীপটির অস্তিত্ব রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন আর শুধু উন্নয়ন নয়, বরং সময়ের জরুরি দাবি।
এসএ




