ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানাধীন কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন ব্যক্তির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হওয়ার খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালায়। এ সময় মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছয় কিশোরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মাহমুদ মুক্তাদির (১৬), দশম শ্রেণির শিক্ষার্থী; সাকিবুল হাসান (১৭), মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন; ইয়াসিন আরাফাত (১৬), ব্যাটারিচালিত অটোরিকশা সার্ভিসিংয়ের কাজ করেন; মো. রোমান (১৫), বাসের হেলপার; সানজিদুল হাসান রিহান (১৪), নবম শ্রেণির শিক্ষার্থী এবং সানজিদ (১৬), জুতার দোকানের কর্মচারী। তাদের সবার বাড়ি কোতোয়ালী মডেল থানা এলাকায় বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পলাতক সদস্য হিসেবে চিহ্নিত জাবির, আবিদ ও মাইনসহ অজ্ঞাতনামা কয়েকজনের নেতৃত্বে মিছিলটি সংগঠিত হয়। মিছিলে অংশগ্রহণের জন্য আটক প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল বলেও প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
এ সময় মিছিলকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। আটক কিশোরদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসএ




