মাঠ থেকে ধান কেটে বাড়িতে নেওয়ার আগেই বৃষ্টিতে ভিজে গেছে কৃষকের স্বপ্নের ফসল। জমিতে কেটে রাখা ধানের আঁটি বৃষ্টির পানিতে ভিজে পড়ে থাকায় দুশ্চিন্তায় পড়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষকরা। বৈরী আবহাওয়ার কারণে সময়মতো ধান ঘরে তুলতে না পারায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
শনিবার (২১ নভেম্বর) কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। মাঠে কেটে রাখা ধানের আঁটি ও খড় বৃষ্টির পানিতে ভিজে রয়েছে। কোথাও কোথাও জমে থাকা পানির মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে কাটা ধান। এতে পাকা ফসল নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।
উপজেলার এক কৃষক আবদুল বারেক আক্ষেপ করে বলেন, “১৮ কাঠা জমির ধান কেটেছিলাম। কিন্তু বাড়িতে আনতে পারলাম না। সব শেষ হয়ে গেল। এমনিতেই সার ও অন্যান্য কৃষি উপকরণের দাম বেশি। তার ওপর বৃষ্টিতে সব ভিজে নষ্ট হয়ে গেল।”
কৃষকদের সারা বছরের পরিশ্রমের ফসল এই ধান। মাঠে পাকা ধান কাটার পর বাড়িতে নেওয়ার আগেই বৃষ্টির কবলে পড়ায় তাঁদের সেই পরিশ্রম এখন অনিশ্চয়তার মুখে। দীর্ঘ সময় ভেজা অবস্থায় পড়ে থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়া, রং পরিবর্তন, অঙ্কুরোদ্গম এবং শুকাতে অতিরিক্ত সময় লাগার আশঙ্কা রয়েছে।
এদিকে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে মাঠ থেকে ধান সংগ্রহ, মাড়াই ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে ধানের ক্ষতির পাশাপাশি আর্থিক লোকসানও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।
সারা বছরের পরিশ্রমে ফলানো ফসল ঘরে তোলার এই গুরুত্বপূর্ণ সময়ে বৃষ্টির কারণে কৃষকদের মুখে হাসির বদলে দেখা দিয়েছে দুশ্চিন্তার ছাপ।
এসএ




