কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে প্রাইভেটকারের পথরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় চালককে মারধর করে আহত করা হয় এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলার অভিযোগও রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের গড়ের মাঠের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত চালকের নাম মো. ইমদাদুল হক ইভন (২৬)। তিনি বুজরুক দুর্গাপুর গ্রামের এমরান হোসেনের ছেলে। পেশায় তিনি একজন প্রাইভেটকার চালক।
ভুক্তভোগী ও তাঁর দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সেনগ্রামের উদ্দেশে প্রাইভেটকার নিয়ে যাচ্ছিলেন ইমদাদুল হক ইভন। পথে গড়ের মাঠের ব্রিজ এলাকায় পৌঁছালে পাঁচ ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাঁর গাড়ির গতিরোধ করেন।
অভিযোগে বলা হয়, ওই ব্যক্তিরা একটি প্লাটিনা ও একটি কালো রঙের পালসার মোটরসাইকেল নিয়ে দেশীয় অস্ত্রসহ তাঁর পথরোধ করেন। গাড়ি থামানোর পর তাঁকে জোরপূর্বক নামিয়ে কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর পকেট ও গাড়ির ভেতরে থাকা মোট ৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি মাটিতে ফেলে ভেঙে ফেলে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী চালক বাদী হয়ে কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গড়ের মাঠ এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে এসব অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তাঁদের দাবি। দ্রুত নিরাপত্তা জোরদার ও অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “ঘটনাটির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এসএ




