ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় উপজেলা কলাপাড়ায় গত চার দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টি ও শীতের অনুভূতি বেড়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় ৩৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি শীতের অনুভূতি বাড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা ও ভ্যানচালকসহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ।
এদিকে টানা বৃষ্টিতে জমির আধাপাকা আমন ধান নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। বৃষ্টির কারণে ধানের দানা অপুষ্ট থেকে চিটা হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। একই সঙ্গে অতিরিক্ত বৃষ্টির পানিতে শীতকালীন সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় রয়েছেন সবজি চাষিরাও।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঢাকা, পটুয়াখালী, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। টানা বৃষ্টি অব্যাহত থাকলে কৃষি ও শ্রমজীবী মানুষের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসএ




