গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও গতিশীল করতে নওগাঁর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের ৬০০ পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পেশাগত সীমাবদ্ধতা মেনে দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান এবং জটিল রোগীদের দ্রুত হাসপাতালে পাঠানোর আহ্বান জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় মান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মসূচির আওতায় আনুষ্ঠানিকভাবে পল্লী চিকিৎসকদের হাতে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেওয়া হয়। সংসদ সদস্যের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মো. মোখলেসুর রহমান মকে। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ মো. সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুব-উল আলম, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক, ৮ নম্বর কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নওফেল আলী মণ্ডল এবং ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পল্লী চিকিৎসকদের পক্ষে বক্তব্য দেন আলহাজ মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, পল্লী চিকিৎসকদের নিয়ে অতীতে এভাবে কেউ ভাবেননি। সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর এ উদ্যোগ তাঁদের জন্য বড় প্রাপ্তি ও গর্বের বিষয়। চিকিৎসা সামগ্রী বিতরণের ফলে তাঁরা গ্রামাঞ্চলে আরও উৎসাহ ও উদ্দীপনা নিয়ে স্বাস্থ্যসেবা দিতে পারবেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মোসা. আতিয়া খাতুন বলেন, পল্লী চিকিৎসকেরা প্রত্যন্ত অঞ্চলে মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অনেক সময় গ্রামের মানুষের পক্ষে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া সম্ভব হয় না। সে ক্ষেত্রে পল্লী চিকিৎসকেরা প্রাথমিক সেবা দিয়ে থাকেন। তবে প্রত্যেককে নিজের পেশাগত সীমাবদ্ধতা বুঝে যতটুকু চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে, ততটুকুই দেওয়া উচিত।
তিনি আরও বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে পল্লী চিকিৎসকদের ভূমিকা রাখতে হবে। বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, খাবারের আগে হাত ধোয়া এবং খাবার ঢেকে রাখার বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। পাশাপাশি দুই থেকে তিন মাস পরপর প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে তাঁদের দক্ষতা বাড়বে এবং আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে ধারণা তৈরি হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, গ্রামীণ জনপদে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে তাঁদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। যেসব রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে, কেবল সেসব ক্ষেত্রেই সেবা দিতে হবে। কোনো জটিল বা ঝুঁকিপূর্ণ রোগী এলে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠাতে হবে।
পল্লী চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পল্লী চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করা যাবে না। আইন ও পেশাগত শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সবাইকে এ নির্দেশনা মেনে চলতে হবে। ভবিষ্যতে আইনগত কোনো পরিবর্তন হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।
তিনি আরও বলেন, চিকিৎসাসেবায় পেশাগত দায়িত্ববোধ, সততা ও মানবিকতা বজায় রেখে সবাইকে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মান্দার গ্রামীণ স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব।
এসএ




